২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম-৭ এ প্রার্থিতা নিয়ে মহাজোটে বিরোধ নেই : বাদল

চট্টগ্রাম-৭ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে প্রার্থিতা নিয়ে মহাজোটে কোন বিরোধ নেই বলে দাবি করলেন জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2008, 02:19 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- চট্টগ্রাম-৭ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে প্রার্থিতা নিয়ে মহাজোটে কোন বিরোধ নেই বলে দাবি করলেন জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল। নৌকা প্রতীক নিয়ে মহাজোটের প্রার্থী হিসেবে তিনি এ আসন থেকে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বাদল। তিনি মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ষোলশহরের নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মনোভাব ব্যক্ত করেন। চট্টগ্রাম-৭ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহানগর কমিটির কোষাধ্যক্ষ আবদুচ ছালাম মনোনয়নপত্র দাখিল করেছেন। পরে এ আসনে জোটগতভাবে জাসদের মঈনুদ্দিন খান বাদলকে প্রার্থী হিসেবে ঘোষণা দিলে তিনিও মনোনয়নপত্র জমা দেন। বাদলকে মনোনয়ন না দেওয়ার জন্য আবদুচ ছালামের অনুসারীরা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সংবাদ সম্মেলনসহ ধরণের প্রচারণা চালিয়ে আসছেন। এর পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার বাদলের পক্ষে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। আসনটিতে মনোনয়ন নিয়ে মহাজোটগত কোন সমস্যা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "নির্বাচনে অনেকেই মনোনয়ন চাইতে পারেন, তবে তা যেন কোনভাবেই বিভক্তির সৃষ্টি না করে সেদিকে খেয়াল রাখতে হবে। আওয়ামী লীগের ছালাম সাহেব মনোনয়ন চেয়েছেন কিন্তু জোটের স্বার্থেই তাকে ছাড় দিতে হবে।" 'সাময়িক মনোমালিন্য' হলেও নির্বাচনী প্রচারণা পুরোদমে শুরু হলে তা ঠিক হয়ে যাবে বলে মনে করেন এই জাসদ নেতা। এ আসনে গত তিন সংসদ নির্বাচনে বিএনপির সাবেক মন্ত্রী এম মোরশেদ খান বিজয়ী হন। চট্টগ্রামে মহাজোটের শরিক দলগুলোকে আসন ছেড়ে দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বঞ্চিত করা হল কি না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে বাদল বলেন, 'ত্যাগী নেতাদের মনোনয়ন বঞ্চিত করা নির্বাচনের ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে মহাজোটের বৃহত্তর স্বার্থে এ ধরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' নির্বাচনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর নির্বাচনী কাজে অংশগ্রহণ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'মেয়র মহিউদ্দিন আমার অকৃত্রিম বন্ধু। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের জায়গায় না গিয়ে জোট প্রার্থীদের বিজয়ী করার জন্য কাজ করব।' সংবাদ সম্মেলনে চান্দগাঁও ও বোয়ালখালী থানা আওয়ামী লীগ এবং সংশ্লিষ্ট ওয়ার্ড জাসদের নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এসকে/২০১৩ঘ.