২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাটকো: খালেদার জামিন ও মামলা স্থগিতের মেয়াদ বাড়লো

গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়িয়েছে হাইকোর্ট। মামলাটি স্থগিতের হাইকোর্টের আদেশও বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2008, 12:20 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়িয়েছে হাইকোর্ট। মামলাটি স্থগিতের হাইকোর্টের আদেশও বাড়ানো হয়েছে। মঙ্গলবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চ বিএনপি নেত্রীর পক্ষে তার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। খালেদার একজন আইনজীবী এএইএম মিজানুর রহমান জামিন ও মামলা স্থগিতের আদেশের মেয়াদ বাড়ানোর আবেদনের ওপর শুনানি করেন। তিনি আদেশের পর সাংবাদিকদের বলেন, গ্যাটকো মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ তার রিটের নিষ্পত্তি না হওয়ার সময় পর্যন্ত বাড়িয়ে দিয়েছে হাইকোর্ট। মামলার কার্যক্রম স্থগিতের মেয়াদও একই সময় পর্যন্ত বাড়িয়েছে আদালত। গ্যাটকো দুর্নীতি মামলায় গত ৯ সেপ্টেম্বর খালেদা জিয়াকে তিন মাসের জামিন দিয়েছিল হাইকোর্ট। এ মামলার কার্যক্রম গত ৯ জুলাই হাইকোর্ট তিন মাসের জন্য স্থগিত করেছিল। সেই স্থগিতাদেশের মেয়াদ গত ২৮ আগস্ট তিন মাসের জন্য বাড়ায় আদালত। গত বছরের ২ সেপ্টেম্বর গ্যাটকো মামলাটি দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন। এ মামলায় চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানির (গ্যাটকো) হাতে ছেড়ে দেওয়ার মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১ হাজার কোটি টাকা ক্ষতির অভিযোগ আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৮০৮ঘ.