২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন জরুরি অবস্থার মধ্যে হবে না এটা নিশ্চিত: হোসেন জিল্লুর

নবম জাতীয় সংসদ নির্বাচনের আগেই জরুরি অবস্থা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2008, 05:58 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

বান্দরবান, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নবম জাতীয় সংসদ নির্বাচনের আগেই জরুরি অবস্থা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, "জাতীয় নির্বাচন জরুরি অবস্থার মধ্যে হবে না এটা নিশ্চিত করে বলা যায়। সরকার, রাজনৈতিক দল, দেশের মানুষ এখন নির্বাচনমুখী। পরিস্থিতি বুঝে সরকার জরুরি অবস্থা তুলে নেবে।" সোমবার দুপুরে বান্দরবান মহিলা কলেজকে সরকারি কলেজ ঘোষণা করা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। নির্বাচন বিষয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশ এখন জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত। ইতোমধ্যে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হওয়ার মাধ্যমে নির্বাচন নিয়ে যে সংশয় সৃষ্টির কথা বলা হতো-তা নিরসন হয়েছে।" উপদেষ্টা জানান, নির্বাচন কমিশন নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়েছে। উপজেলা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার করবে নাকি নির্বাচিত সরকার করবে- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে হোসেন জিল্লুর বলেন, "আগামী বছরের ২২ জানুয়ারি উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এখন আমরা (তত্ত্বাবধায়ক সরকার) নাকি নির্বাচিত সরকার উপজেলা নির্বাচন করবে সেটা সময়ই বলে দেবে।" অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা বান্দরবান মহিলা কলেজকে সরকারি কলেজ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি বলেন, "১৯৯৬ সালে তখনকার সরকার সারাদেশে প্রত্যেক জেলায় একটি সরকারি মহিলা কলেজ করার প্রকল্পের আওতায় বান্দরবান, খাগড়াছড়িসহ ১৮টি মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিল। আজ (সোমবার) বান্দরবান ও খাগড়াছড়ি মহিলা কলেজকে সরকারি ঘোষণার মাধ্যমে এর সফল সমাপ্তি হল।" বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ব্যারিস্টার দেবাশীষ রায়। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোজাম্মেল হক খান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খান হাবিবুর রহমান, জেলা প্রশাসক মওদুদ একে কাইয়ুম চৌধুরী এবং মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সফিক উদ্দিন প্রমুখ বক্তব্য দেন। চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় বলেন, "মহিলা কলেজ প্রতিষ্ঠা ও চালুর মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলার নারী শিক্ষা আরও এক ধাপ এগিয়ে গেল। নারী শিক্ষার উন্নয়নের মাধ্যমে পিছিয়ে পড়া এই পার্বত্যাঞ্চলের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।" তিনি বান্দরবান সরকারি মহিলা কলেজের ছাত্রী হোস্টেল, সীমানা দেয়াল ও কাঁটাতারের বেড়াসহ আনুষঙ্গিক উন্নয়নের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে ৫০ লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন। এর আগে উপদেষ্টা বান্দরবান মহিলা কলেজ 'সরকারিকরণ" এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় মোনাজাত পরিচালনা করেন বান্দরবান চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মো. ওসমান গণি। চলতি বছর থেকেই মহিলা কলেজটি শিক্ষা কার্যক্রম শুরু করে। কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ১৪১ জন ছাত্রী রয়েছে। গত ১ মে শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বান্দরবান সফরে এসে জেলা প্রশাসন ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়ের সময় কলেজটি চালু এবং ডিসেম্বরে সরকারিকরণে বিষয়ে ঘোষণা দেন। এরই পরিপ্রেক্ষিতে গত জুলাইয়ে একাদশ শ্রেণীতে ছাত্রী ভর্তি করা হয়। গত অক্টোবর মাসে নিয়োগ দেওয়া হয় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী। এরপর বিকেলে উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি অঞ্চলের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. কামরুজ্জামান পিএসসি, পুলিশ সুপার মো. কায়মুজ্জামান, সদর জোন কমান্ডার এহতে শামস সামাদ। খাগড়াছড়ি জেলা প্রশাসক একেএম খায়রুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান রুইথি কারবারি, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুজাম্মেল হক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী একেএম শাহজাহান পাটোয়ারী, কলেজের অধ্যক্ষ গাজী মো. তাজুল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/ডিডি/এসকে/২৩৫৫ঘ.