২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাজোটে জাতীয় পার্টি ৫০টি আসন পেয়েছে: ব্যারিস্টার আনিসুল

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, মহাজোট থেকে তাদের ৫০টি আসন ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার সুধা সদনে আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2008, 01:54 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, মহাজোট থেকে তাদের ৫০টি আসন ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার সুধা সদনে আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। কিছু আসন নিয়ে হঠাৎ মতান্তরে দিনকয়েক আগে আওয়ামী লীগ ও জাপা-র মধ্যে টানাপোড়েন শুরু হয়। শুক্রবার থেকে আলোচনা শুরু হলেও আপস রফা না হওয়ার এক পর্যায়ে শনিবার এরশাদ মহাজোট ছেড়ে যাওয়ার হুমকি দেন। অবশেষে রোববার সন্ধ্যায় দুই দলের যৌথ সংবাদ সম্মেলনে সমঝোতার কথা জানানো হয়। আওয়ামী লীগের সঙ্গে গত কয়েকদিন ধরে আলোচনা চালিয়ে যাওয়া আনিসুল ইসলাম মাহমুদ এবং জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন বাবলু সোমবার বিকালে সুধা সদনে যান। সুধা সদন থেকে বেরিয়ে আসার পর ব্যারিস্টার আনিসুল সাংবাদিকদের বলেন, "আমারা আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসেছিলাম।" আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সমঝোতা কী হয়েছে- জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমাদের ৫০টি আসন দেওয়া চূড়ান্ত হয়েছে।" মহাজোটের হয়ে নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির পক্ষে প্রথমে ৭৪টি আসনের তালিকা আওয়ামী লীগকে দেওয়া হয়। এরপর এ নিয়ে দুই দলে আলোচনা চলতে থাকে। ২০০৭ সালের বাতিল হওয়া সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটে জাতীয় পার্টিও ছিল। ১৯৯৬ সালে সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করেছিল আওয়ামী লীগ। জাতীয় পার্টি থেকে আনোয়ার হোসেন মঞ্জুকে মন্ত্রীও করা হয়। তবে পরে এরশাদ সমর্থন প্রত্যাহার করে নিলেও মঞ্জু আলাদা জাতীয় পার্টি (জেপি) গঠন করে সরকারে থেকে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/এসকে/১৯৪৮ঘ.