ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে দিয়েছে হাইকোর্ট।
পাশাপাশি আদালত নাজমুল হুদার মেডিক্যাল প্রতিবেদন তলব করেছে। ৪ ডিসেম্বরের মধ্যে এই প্রতিবেদন জমা দিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চ নাজমুল হুদার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।
একইসঙ্গে আদালত ফৌজদারি এ মামলা দুুটি দায়ের ও এর কার্যক্রম চালিয়ে নেওয়াকে কেন অবৈধ ঘোষণা করা হবে না আগামী চার সপ্তাহের মধ্যে সরকার ও দুর্নীতি দমন কমিশনকে তার জবাব দিতে বলেছে।
আদেশের পর নাজমুল হুদার একজন আইনজীবী আদিলুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাইকোর্ট নাজমুল হুদার বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার কার্যক্রম স্থগিত করে দিয়েছে। তার মেডিক্যাল প্রতিবেদনও আদালত তলব করেছে।
নাজমুল হুদার বিরুদ্ধে গতবছর ৫ জুলাই ধানমন্ডি থানায় একটি চাঁদাবাজি মামলা ও অর্থ আত্মসাতের অভিযোগে একই বছর ২৫ সেপ্টেম্বর পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছিল।
মামলা দুটির বৈধতা চ্যালেঞ্জ করে নাজমুল হুদার দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি করেন অ্যাডভোকেট আদিলুর রহমান খান ও আহসানুল করিম।
সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার গুলজার হোসেন। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবদুল আজিজ খান।
নাজমুল হুদা আরও বেশ কয়েকটি মামলার আসামী এবং অবৈধ সম্পদ, ঘুষগ্রহণ ও চাঁদাবাজির পৃথক মামলায় তার ৩২ বছরের কারাদণ্ড হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৮৫৬ঘ.
bdnews24