ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে ভোটকক্ষ বাড়ানো এবং নির্বাচনের দিন মোবাইল ফোন নেটওয়ার্ক চালু রাখার অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগ। এ ব্যাপারে দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে।
রোববার দলের নির্বাচন প্রচারণা কমিটির সমন্বয়ক এইচ টি ইমাম স্বাক্ষরিত একটি চিঠি কমিশনের কাছে পাঠানো হয়।
এতে বলা হয়, অবাধে ভোট প্রয়োগের সুবিধার্থে ভোট কেন্দ্র বাড়ানো প্রয়োজন।
মোট ৩৫২১৬টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ রয়েছে ১ লাখ ৭৭ হাজার ১০৭টি।
পাশাপাশি যোগাযোগের সুবিধার্থে মোবাইল ফোন সেবা চালু রাখা দরকার বলেও ওই চিঠিতে উল্লেখ করা হয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব মিহির সারোয়ার মোর্শেদ চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনের দিন নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসকে/২২১৪ঘ.
bdnews24