ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপিদের অংশ নেওয়া ঠেকাতে খেলাপিদের হালনাগাদ তালিকা করেছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচন কমিশন প্রার্থী তালিকা কেন্দ্রীয় ব্যাংককে দেওয়ার পর ব্যাংক যাচাই-বাছাই করে ঋণখেলাপিদের চিহ্নিত করবে।
রাজধানীর পূর্বানী হোটেলে রোববার ব্যাংক ডাচ-বাংলা ব্যাংকের 'মোবাইল এটিএম বুথ' উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ।
গভর্নর বলেন, "ঋণখেলাপিদের সম্পর্কে নির্বাচন কমিশনকে তথ্য দিতে প্রস্তুত কেন্দ্রীয় ব্যাংক। বিভিন্ন ব্যাংক থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ঋণখেলাপিদের তথ্য সংগ্রহ করা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রার্থী বাছাই শেষে নির্বাচন কমিশন একটি তালিকা বাংলাদেশ ব্যাংকে পাঠাবে। সে তালিকা যাচাই-বাছাই করে কোন প্রার্থী ঋণখেলাপি, আর কে খেলাপি নেয়- তা নির্বাচন কমিশনকে জানানো হবে।"
মোবাইল এটিএম বুথ উদ্বোধনী অনুষ্ঠানে ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইয়াছিন আলী বক্তব্য দেন।
দেশে এই প্রথমবারের মতো চালু হলো 'মোবাইল এটিএম বুথ'। আপাতত দুটি গাড়িতে ডাচ-বাংলা ব্যাংকের এই বুথ ঢাকার বিভিন্ন স্থানে ঘুরবে। গ্রাহকরা প্রয়োজন অনুসারে বুথ থেকে টাকা তুলতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এসকে/২২০১ঘ.
bdnews24