২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৫ আসনে আ. লীগের প্রার্থী পরিবর্তন

নবম সংসদ নির্বাচনে আরো পাঁচটি আসনে প্রার্থী পরিবর্তন করেছে আওয়ামী লীগ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রোববার এসব প্রার্থী পরিবর্তন করা হয়। কিশোরগঞ্জ- ২ আসনে অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের বদলে ডা. এমএ মান্নানকে; কুমিল্লা- ৮ আসনে আব্দুল হাকিমের পরিবর্তে নাসিমুল আলম চৌধুরীকে; নেত্রকোনা- ১ আসনে জালাল আহমেদ তালুকদারের বদলে মোশতাক আহমেদ রুমিকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2008, 03:36 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম সংসদ নির্বাচনে আরো পাঁচটি আসনে প্রার্থী পরিবর্তন করেছে আওয়ামী লীগ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রোববার এসব প্রার্থী পরিবর্তন করা হয়। কিশোরগঞ্জ- ২ আসনে অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের বদলে ডা. এমএ মান্নানকে; কুমিল্লা- ৮ আসনে আব্দুল হাকিমের পরিবর্তে নাসিমুল আলম চৌধুরীকে; নেত্রকোনা- ১ আসনে জালাল আহমেদ তালুকদারের বদলে মোশতাক আহমেদ রুমিকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া, বগুড়া- ৫ আসনে হাবিবুর রহমান হাবিবের জায়গায় মুজিবুর রহমান মজনু; ব্রাহ্মণবাড়িয়া- ৫ আসনে সাইদুর রহমনের বদলে এবাদুর রহমান বুলবুলকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এদিকে, শনিবার যশোর- ৩ আসনে খালেদুর রহমান টিটোকে নতুন করে প্রার্থী ঘোষণা করায় আগের মনোনীত আলী রেজা রাজুর সমর্থকরা রোববার ধানমন্ডিতে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। শনিবার রাজশাহী- ৫ আসনে আব্দুল ওয়াদুদ দারার পরিবর্তে তাজুল ইসলাম ফারুককে; মেহেরপুর- ২ আসনে আব্দুল খালেকের পরিবর্তে মকবুল আহমেদকে; জামালপুর-১ আসনে আবুল কালাম আজাদের পরিবর্তে ইশতিয়াক আহমেদকে; নাটোর- ৩ এ হানিফ আলী শেখের পরিবর্তে জুনায়েদ আহমেদ পলককে; দিনাজপুর- ৬ আসনে আবু হানিফ সরকারের পরিবর্তে আজিজুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়। ঝিনাইদহ- ৪ আসনে আব্দুল মান্নানের পরিবর্তে আনোয়ারুল আজিম আনার, নেত্রকোণা- ২ আসনে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল নূর খানের পরিবর্তে আলী আশরাফ খান খসরুকে; জয়পুরহাট- ১ আসনে অধ্যক্ষ খাজা শামসুল ইসলামের পরিবর্তে পাঁচবিবি পৌরসভার চেয়ারম্যান শামসুল আলম দুদুকে; ঝিনাইদহ- ৩ আসনে নবী নেওয়াজের পরিবর্তে অ্যাডভোকেট শফিকুল আজম খানকে এবং নেত্রকোণা- ৪ আসনে রেবেকা মোমেনের পরিবর্তে শফি আহম্মেদকেও একই দিন মনোনয়ন দেয় আওয়ামী লীগ। শুক্রবার পিরোজপুর- ২ আসনে হাবিবুর রহমান শেখের পরিবর্তে অধ্যক্ষ শাহ আলমকে; রাজশাহী- ২ আসনে আখতারী জাহানের পরিবর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. আব্দুল খালেককে; কক্সবাজার- ৪ আসনে অধ্যাপক মোহাম্মদ আলীর পরিবর্তে আব্দুর রহমান বদিকে এবং মানিকগঞ্জ-২ আসনে শামসুদ্দীন আহমেদের পরিবর্তে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুলকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/এসএনডি/২১১৯ ঘ.