ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মনোনয়ন পাননি এমন বেশ কয়েকজন নেতার সমর্থকরা রোববার দলীয় চেয়ারপারসনের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে।
কুমিল্লা-১০ আসনে মনোনয়ন না পাওয়া আব্দুল গফুর ভূঁইয়া ও চাঁদপুর-২ আসনের ডা. জালাল উদ্দিনের সমর্থকরা সন্ধ্যায় চেয়ারপারসনের কার্যালয়ের সামনে জড়ো হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খালেদা জিয়া তার কার্যালয়ে এলে সমর্থকরা রাস্তার একপাশে পুলিশ ব্যারিকেডের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে। এ সময় তারা সংশ্লিষ্ট আসনে মনোনয়ন পুনর্বিবেচনা করার দাবিও জানায়।
চাঁদপুর-২ আসনে দলীয় মনোনয়ন পাওয়া নূরুল হুদাকে 'সংস্কারপন্থী' নেতা উল্লেখ করে কর্মী সমর্থকরা তার মনোনয়ন বাতিলেরও দাবি জানায়।
অন্যদিকে কুমিল্লা-১০ আসনে সাবেক সাংসদ গফুর ভূঁইয়ার পরিবর্তে মোবাশ্বের ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে গফুরের বেশ কয়েকজন সমর্থককে প্রতীকী কাফন সাদা কাপড় পরে বিক্ষোভ করতে দেখা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/২০১৫ঘ.
bdnews24