২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী ও বগুড়ার তিনটি আসনে খালেদার মনোনয়নপত্র জমা

ফেনী ও বগুড়ার তিনটি আসনে রোববার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এ তিনটি আসন হল- খালেদা জিয়ার পৈত্রিক এলাকা ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম-ছাগলনাইয়া) এবং স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জেলা বগুড়া-৬ (সদর) ও ৭ (গাবতলী)। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2008, 11:35 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেনী ও বগুড়ার তিনটি আসনে রোববার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এ তিনটি আসন হল- খালেদা জিয়ার পৈত্রিক এলাকা ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম-ছাগলনাইয়া) এবং স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জেলা বগুড়া-৬ (সদর) ও ৭ (গাবতলী)। আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের রোববারই শেষ দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেনী প্রতিনিধি জানান, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীর দপ্তরে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেন তার ছোট ভাই সাঈদ এস্কান্দার। স্থানীয় বিএনপি নেতারাও এ সময় তার সঙ্গে ছিলেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাঈদ এস্কান্দার এ আসনের সাবেক সাংসদ। এদিকে ফেনী-২ (সদর-দাগণভূঞা) আসনের বিএনপি প্রার্থী জয়নাল আবেদিন (ভিপি জয়নাল) এবং ফেনী-৩ (সোনাগাজী) আসনে বিএনপি প্রার্থী মোশারফ হোসেনও রোববার মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২০০১ সালের নির্বাচনে ফেনীর তিনটি আসনেই বিএনপি জয়ী হয়। বগুড়া প্রতিনিধি জানান, রোববার দুপুর পৌণে ৩টার দিকে বগুড়া-৬ ও ৭আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোয়নপত্র জমা দেওয়া হয়েছে। রিটার্নিং অফিসার ও বগুড়া জেলা প্রশাসক হুমায়ুন কবিরের কাছে মনোনয়নপত্র দুটি জমা দেন তার ব্যক্তিগত সচিব মাহবুব আল আমিন ডিউক। এ সময় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। খালেদা জিয়া ২০০১ সালের নির্বাচনে বগুড়ার এ দুটি আসন থেকে বিজয়ী হয়েছিলেন। এছাড়া বগুড়ার সবগুলো আসন থেকেই নির্বাচিত হয়েছিলেন বিএনপি প্রার্থীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/এমএসবি/১৭২২ ঘ.