২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এই প্রথম ধানের শীষ ছাড়া মান্নান ভূঁইয়া

নরসিংদী-৩ (শিবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন সংসদ নির্বাচনে লড়বেন বিএনপির বহিষ্কৃত মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া। ১৯৭৩ সাল থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও এই প্রথম তাকে অন্য প্রতীকে নির্বাচন করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2008, 10:26 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী-৩ (শিবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন সংসদ নির্বাচনে লড়বেন বিএনপির বহিষ্কৃত মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া। ১৯৭৩ সাল থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও এই প্রথম তাকে অন্য প্রতীকে নির্বাচন করতে হবে। তবে ১৯৭৩ সালে ধানের শীষ প্রতীকটি ছিল ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ-ভাসানী)। ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রোববার দুপুর আড়াইটার দিকে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন মান্নান ভূঁইয়া। স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ওই সময় তার সঙ্গে ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর মান্নান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, "আমি সারাটা জীবন শিবপুরের মানুষের সঙ্গে ছিলাম, আজও আছি। তাদের জন্যই আমি এবার স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমি সবার কাছে দোয়া চাই।" নির্বাচন নিয়ে নিজের সংশয়ের কথা জানিয়ে এক সময়ের এই বিএনপি নেতা বলেন, "নির্বাচন না হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে আমি চাই, নির্বাচন হোক। নির্বাচন নিয়ে আর কোনও সংশয় সৃষ্টি করা উচিৎ হবে না। নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আসবে; জাতি চলমান দুর্ভোগ থেকে পরিত্রাণ পাবে।" অন্য সব বার ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করলেও এবার সে প্রতীকে নির্বাচন না করার বিষয়টি তোলা হলে মান্নান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, "আমি সব সময় শিবপুরের উন্নয়ন এবং এই এলাকার মানুষে সুখ-দুঃখে কাজ করেছি। এখানকার জনগণ আমাকে ভালবাসে বলেই বার বার ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে। এবারও তারা আমাকে জয়যুক্ত করবে- এটাই আমার বিশ্বাস। কারণ এই শিবপুরই আমার ঠিকানা, আমার জীবন।" ১৯৭৩ সালের নির্বাচনে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ-ভাসানী) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মান্নান ভূঁইয়া। ওই নির্বাচনে ন্যাপ ভাসানীর প্রতীক ছিল ধানের শীষ। এটিকে পরে বিএনপি প্রতীক হিসেবে নেয়। ধানের শীষ প্রতীকে বিএনপির হয়ে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন মান্নান ভূঁইয়া। এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলে তাকে দলীয় প্রতীকের বাইরে স্বতন্ত্রদের জন্য বরাদ্দ করা প্রতীক থেকে একটি বেছে নিতে হবে। শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (রিটার্নিং কর্মকর্তা) খায়রুল আলমের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মান্নান ভূঁইয়ার সঙ্গে ছিলেন, স্থানীয় বিএনপি নেতা আবুল হারিছ রিকাবদার, আরিফুল ইসলাম মৃধা, মোফাজ্জল হোসেন খান সেজু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম, মতিউর রহমান প্রমুখ। এক সময়ের ন্যাপ নেতা মান্নান ভূঁইয়া ১১ বছর বিএনপি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছর জরুরি অবস্থা জারির পর থেকে দলে মান্নান ভূঁইয়াকে ঘিরে বিএনপিতে সংস্কারপন্থী একটি ধারা সংগঠিত হতে থাকে। ওই বছরের ২৫ জুন মান্নান ভূঁইয়া দলের অভ্যন্তরীণ সংস্কারে তার প্রস্তাব উত্থাপন করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে দেওয়া ওই ১৫ দফা সংস্কার প্রস্তাবে বিএনপিতে চেয়ারপার্সনের ক্ষমতা কমানোর কথা বলেন মান্নান ভূঁইয়া। এর তিন মাস পর ৩ সেপ্টেম্বর খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে তিনি মান্নান ভূঁইয়াকে বহিষ্কার করেন। মান্নান ভূঁইয়াসহ সংস্কারপন্থী তিন জন ছাড়া অন্যরা দল থেকে বহিষ্কৃত না হলেও আসন্ন সংসদ নির্বাচনে তাদের বেশিরভাগই বিএনপির মনোনয়ন পাননি। সংস্কারপন্থী এসব নেতারা মান্নান ভূঁইয়ার মতোই স্বতন্ত্র প্রার্থী হবেন বলে বিভিন্ন নেতা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এমআই/এসকে ০০১৬ ঘ.