ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় ঐক্যজোট থেকে ইসলামী ঐক্যজোটকে তিনটি আসন দেওয়া হয়েছে।
আসনগুলোতে যারা নির্বাচন করবেন; তারা হলেন- মুফতি ফজলুল হক আমিনী (ব্রাহ্মণবাড়িয়া-২), মুফতি মোহাম্মদ ওয়াক্কাস (যশোর-৫) ও শাহীনূর পাশা চৌধুরী (সুনামগঞ্জ-৩)।
শনিবার রাতে খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকের পর ইসলামী ঐক্যজোটের শীর্ষস্থানীয় নেতা মুফতি ফজলুল হক আমিনী সাংবাদিকদের জানিয়েছেন।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ওই বৈঠক হয়।
মুফতি আমিনী বলেন, "আমাদের তিনটি আসন দেওয়া হয়েছে। এতে আমরা সন্তষ্ট।"
ইসলামী ঐক্যজোট থেকে মনোনয়ন পাওয়া তিন জনই সাবেক সাংসদ।
এছাড়া বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমানকে ভোলা-১ আসন ছেড়ে দেওয়া হয়েছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
আসন ভাগাভাগি নিয়ে জামায়াতের সঙ্গে বিএনপির আলোচনা এখনও শেষ হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/০১০০ ঘ.
bdnews24