২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ-জাপা আসন ভাগাভাগি নিয়ে সিদ্ধান্ত হয়নি

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (এরশাদ) এর মধ্যে আসন ভাগাভাগির বিষয়টি শনিবার চুড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2008, 01:43 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (এরশাদ) এর মধ্যে আসন ভাগাভাগির বিষয়টি শনিবার চুড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। আওয়ামী লীগের নীতিনির্ধারকদের সঙ্গে শুক্রবার দিনব্যাপী দলীয় সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় আনিসুল ইসলাম মাহমুদ এ কথা বলেন। সকাল ১১টায় আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয়ে বৈঠক শুরু হয়। দুপুরে বৈঠক মুলতবি হয়। বিকাল পৌণে ৫টার দিকে বৈঠক আবার শুরু হয়ে সন্ধ্যা ৬টার দিকে বৈঠক শেষ হয়েছে। বৈঠকে আওয়ামী লীগের পক্ষে ছিলেন- দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ। জাতীয় পার্টির পক্ষে ছিলেন- ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন বাবলু। বৈঠক শেষে বের হয়ে আনিসুল ইসলাম মাহমুদ সাংবাদিকদের বলেন, " মহাজোটকে শক্তিশালী করার বিষয়েই আমাদের মধ্যে আলোচনা হয়েছে, এখানে আসন ভাগাভাগিটা বড় বিষয় নয়।" মহাজোটের হয়ে নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টি ইতিমধ্যেই ৭৪টি আসন দাবি করেছে। বৃহস্পতিবার রাতেও আনিসুল ইসলাম ও জিয়াউদ্দিন বাবলু শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন। আনিসুল ইসলাম মাহমুদ বলেন," বৈঠকে জাতীয় পার্টির দেওয়া আসনের তালিকা থেকে ৫০টি আসনের গত নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করা হয়েছে। তবে যে জিততে পারবে তাকেই মনোনয়ন দেওয়া হবে।" এক্ষেত্রে ২২ জানুয়ারি বাতিল হয়ে যাওয়া নির্বাচনে জাতীয় পার্টিকে দেওয়া আসনের থেকে এইবারে আসন সংখ্যা বাড়তে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন। ২২ জানুয়ারির বাতিল হয়ে যাওয়া নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ৫০টি আসন ছেড়েছিল। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, " আলোচনায় ভালই অগ্রগতি হচ্ছে। আমরা কালকে (শনিবার সকাল ১১টা থেকে) আবার আলোচনায় বসবো।" এক প্রশ্নের জবাবে আনিসুল ইসলাম মাহমুদ জানান, জাতীয় পার্টির ২৮০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত হয়ে গেলে প্রার্থীরা তাদের মনোনয়ন বাতিল করবেন। দুপুরে বৈঠক মুলতবি হওয়ার পর সাজেদা চৌধুরী, শেখ সেলিম ও মতিয়া চৌধুরী সুধা সদনে আওয়ামী লীগ সভানেত্রীর বাসায় যান। আসন বণ্টন চূড়ান্ত হয়েছে কিনা এ বিষয়ে জানতে চাওয়া হলে শুক্রবার দুপুরে সাজেদা চৌধুরী সাংবাদিকদের বলেন, "আলোচনা চলছে। আশা করি, আজকের (শুক্রবার) মধ্যেই এ বিষয় চূড়ান্ত করা যাবে।" এইচএম এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি ছাড়া মহাজোটের হয়ে নির্বাচনে অংশ নিতে আগ্রহী দলগুলো ইতোমধ্যে তাদের চাওয়া আওয়ামী লীগকে জানিয়েছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি চেয়েছে ৩০টি, জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) ১২টি আসন দাবি করেছে। এছাড়া ১৪ দলের শরিক দলগুলোর মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্রী পার্টিও কয়েকটি আসন চেয়েছে। আওয়ামী লীগ নিজেই ৩০০ আসনে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। জোট শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে ফয়সালা হওয়ার পর নির্দিষ্ট আসনগুলোতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন বলে দলীয় নেতারা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএমএ/১৯৩৭ ঘ.