রুহুল আমিন রানা ও মিন্টু চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ১৬ আসনের ছয়টিতেই আগামী সংসদ নির্বাচনে বিএনপির নতুন প্রার্থী দেখা যাবে বলে দলটির নেতারা জানিয়েছেন। এর মধ্যে মহানগরীতে দুই জন এবং জেলায় চার জন।
বিএনপির কেন্দ্রীয় সংসদীয় বোর্ড বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে চট্টগ্রামের প্রার্থী তালিকা মোটামুটি চূড়ান্ত করেছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাক্ষাৎকারের পর চট্টগ্রামের প্রার্থী তালিকা মোটামুটি চূড়ান্ত হয়েছে। নগরীতে দু'জন এবং জেলার ১১ আসনের মধ্যে চারটিতে এবার নতুন প্রার্থী মনোনয়ন পাচ্ছেন।"
এবার মহানগরীর দুটি আসনে সাবেক দুই মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান ও আমীর খসরু আসন পরিবর্তন করে নির্বাচনে অংশ নিচ্ছেন। আগের মতো এবারও চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া) আসনটি চারদলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীকে ছেড়ে দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির শীর্ষ নেতা নোমান ও আমীর খসরু বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কৌশলগত কারণে আসন্ন নির্বাচনে তারা দুজনই এবার পুরনো আসনের পরিবর্তে নতুন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। দলের কেন্দ্রীয় পর্যায় থেকে বৃহস্পতিবার তা চূড়ান্ত করা হয় বলে তারা জানান।
কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নোমান পুরনো আসন চট্টগ্রাম-৮ (কোতোয়ালি) ছেড়ে দিয়ে চট্টগ্রাম-৯ (ডবলমুরিং) আসনে নির্বাচন করবেন বলে নিশ্চিত করেছেন। তিনি কোতোয়ালি আসন থেকে গত তিনটি নির্বাচনের দুটিতে বিজয়ী হন।
আসন পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, "সীমানা পুনর্নির্ধারিত হওয়ায় এবার কোতোয়ালি আসনের বড় একটি অংশ ডবলমুরিং এর সঙ্গে যুক্ত হয়েছে। এছাড়া, কোতোয়ালি আসনে কৌশলগত কারণে সম্ভাবনাময় প্রার্থী হিসাবে শিল্পপতি শামসুল আলমের মনোনয়ন চূড়ান্তকরতে আমি নতুন আসনে প্রার্থী হচ্ছি।"
নোমানের ঘনিষ্ঠ এক বিএনপি নেতা জানান, সাবেক এ মন্ত্রীর ভোটব্যাংক হিসাবে পরিচিত বাকলিয়ায় একটি অংশ চট্টগ্রাম-৭ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সঙ্গে যুক্ত হওয়ায় ঝুঁকি এড়াতে তিনি এ আসনটি পরিবর্তনের পরিকল্পনা করেন।
ডবলমুরিং আসনের পুরনো প্রার্থী সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি এটির (চট্টগ্রাম-৯) পাশাপাশি নতুন আসন চট্টগ্রাম-১০ (বন্দর-পতেঙ্গা) থেকে নির্বাচন করতে আগ্রহী ছিলাম। কিন্তু কেন্দ্রীয়ভাবে চট্টগ্রামে কাউকে দুটিতে মনোনয়ন না দেয়ার সিদ্ধান্ত হওয়ায় নতুন আসন থেকে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। এটিও আমার নিজের আসন, কেননা এটি পুরনো আসনের অংশবিশেষ।"
এদিকে, চট্টগ্রামের অপর শীর্ষস্থানীয় নেতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন কাদের চৌধুরী কোতোয়ালি আসন থেকে নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন সংগ্রহ করলেও তাকে পুরনো আসন চট্টগ্রাম-৬ (রাঙ্গুনিয়া) আসনেই মনোনয়ন দেওয়া হয়েছে বলে দলীয় নেতারা জানিয়েছেন।
চট্টগ্রাম-৮ আসনে মনোনয়ন পেয়েছেন ইলিয়াস ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম। এবারই তার প্রথম নির্বাচন। নগরীর অপর আসন চট্টগ্রাম-৭ (চান্দগাঁও-বোয়ালখালী) এ মনোনয়ন দেওয়া হয়েছে নগর কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও বিজেএমইএ নেতা এরশাদ উল্লাহকে। তারও এবার প্রথম নির্বাচন।
জেলার নতুন প্রাথীরা হলেন- চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে শিল্পপতি ক্লিফটন গ্র"পের সত্বাধিকারী কামাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) বির্তকিত সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, চট্টগ্রাম-৩ (সীতাকুণ্ড) শিল্পপতি আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-১৩ (চন্দনাইশ) আসনে আইনজীবী মিজানুল হক চৌধুরী।
নোমান ও খসরু জানান, অপর আসনগুলোতে গতবারের নির্বাচিতদের বহাল রাখা হয়েছে।
এরা হলেন, চট্টগ্রাম-৪ (হাটহাজারী) সাবেক হুইপ ওয়াহিদুল আলম, চট্টগ্রাম-৫ (রাউজান) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম- ৬ (রাঙ্গুনিয়া) সালাহউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-১১ (পটিয়া) গাজী শাহজাহান জুয়েল, চট্টগ্রাম-১২ (আনোয়ারা) সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১৫ (বাঁশখালী) জাফরুল ইসলাম চৌধুরী ও চট্টগ্রাম-১৬ (সন্দ্বীপ) মোস্তফা কামাল পাশা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১১৪৪ ঘ.
bdnews24