২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের মনোনয়ন দিলে প্রতিরোধের ঘোষণা সেক্টর কমান্ডারস ফোরামের

কোনো রাজনৈতিক দল যুদ্ধাপরাধীদের মনোনয়ন দিলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারীদের সংগঠন 'সেক্টর কমান্ডারস ফোরাম'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2008, 05:34 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো রাজনৈতিক দল যুদ্ধাপরাধীদের মনোনয়ন দিলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারীদের সংগঠন 'সেক্টর কমান্ডারস ফোরাম'। ধানমন্ডি রবীন্দ্র সরোবরে বৃহস্পতিবার বিকেলে মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্যদের সমাবেশে এ ঘোষণা দেন ফোরামের প্রধান সমন্বয়ক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুন-অর-রশিদ। তিনি বলেন, "আসন্ন নির্বাচনে যুদ্ধাপরাধীদের মনোনয়ন না দিতে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে যাচ্ছি। অনেকে যুদ্ধাপরাধীদের মনোনয়ন না দিতে ওয়াদা করেছেন। যাদের সঙ্গে আলোচনা হয়নি তাদেরও আহ্বান জানাব যুদ্ধাপরাধীদের মনোনয়ন না দিতে। এরপরও যুদ্ধাপরাধীদের মনোনয়ন দেওয়া হলে তাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা হবে।" সমাবেশে সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত কে এম শফিউল্লাহ বলেন, "যুদ্ধাপরাধীরা যাতে নির্বাচিত হয়ে সংসদে যেতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।" মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের ওপর নির্যাতনের উল্লেখ করে তিনি বলেন, "যতক্ষণ পর্যন্ত এর বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা দায়মুক্ত হব না।" আরেক সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সমাবেশে শহীদ অধ্যাপক রাশিদুল হাসানের মেয়ে রোকাইয়া হাসিনা (নীলি), সৈয়দপুরে শহীদ মনিরুজ্জামানের ছেলে রফিকুল আলম মুকুল, শহীদ সাংবাদিক সিরাজুদ্দিন হোসেনের ছেলে শাহীন রেজা নুর, শেরপুরের শহীদ আইজউদ্দিনের ছেলে আজিজুর রহমান, চট্টগ্রামের শহীদ আলী করিমের ছেলে ড. গাজী সালেহ উদ্দিন, শহীদ সঙ্গীত পরিচালক আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ ও বরিশালের শহীদ আইনজীবী সুধীর কুমার চক্রবর্তীর মেয়ে শিখা চক্রবর্তী বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএনডি/২৩১৯ ঘ.