২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়নপত্র নিয়েছেন খালেদা

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে বুধবার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র তুলেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2008, 06:54 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে বুধবার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র তুলেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি বলেন, "বগুড়াবাসী দেশনেত্রীকে গত নির্বাচনে নিরঙ্কুশ ভোটে জয়ী করেছিল। এবারও বগুড়া জেলা বিএনপির নেতাকর্মীরা তাকে (খালেদা জিয়া) সদর আসনে সংসদ সদস্য হিসেবে দেখতে চায়। এজন্য আমরা বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে তার জন্য এ ফরম সংগ্রহ করেছি।" দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বলেন, "আরও দুটি আসন থেকে দলের চেয়ারপারসনের প্রতিদ্বন্দ্বীতা করার কথা রয়েছে, কিন্তু সেগুলো এখনও জানা যায়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি আরও জানান, বুধবার রাত ১০টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়ন পেতে ইচ্ছুক প্রার্থীদের সাক্ষাতকার নেওয়া হবে। সকাল থেকে অনেকে ফরম জমাও দিচ্ছেন। মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত ১৬শ'র বেশি ফরম বিক্রি হয়েছে বলেও তিনি জানান। রিজভী আহমেদ আরো বলেন, "ঢাকা বিভাগেই সর্বাধিক ফরম বিক্রি হয়েছে। আজ (বুধবার) সকালেও ঢাকাসহ কয়েকটি বিভাগে ফরম বিক্রি হয়েছে।" এদিকে সকালে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সালাম কিশোরগঞ্জ-২, স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম মুন্সীগঞ্জ-২ এবং ঢাকার সাবেক মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত ঢাকা-৭ আসনে মনোনয়ন ফরম নিয়েছেন। বুধবার মনোনয়ন ফরম জমা দিয়েছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন (মানিকগঞ্জ ১ ও ৩ আসনে), সহসভাপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ (ভোলা-৩)। গত মঙ্গলবার থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। ঢাকা সিটি কর্পোরেশন মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি সাদেক হোসেন খোকা বুধবার সকালে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সঙ্গে তার ন্যাম ফ্ল্যাটের বাসভবনে দেখা করেন। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, "মহাসচিবের সঙ্গে ঢাকা মহানগরের সাংগঠনিক কার্যক্রম এবং রাজধানীর ১৫টি আসনের প্রার্থী মনোনয়ন বিষয়ে আলোচনা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/জিএনএ/১২৪৮ ঘ.