২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থা তুলে নিতে অনুরোধ করব: সেনাপ্রধান

আসন্ন সংসদ নির্বাচনের আগেই জরুরি অবস্থা প্রত্যাহারের জন্য সরকারের কাছে অনুরোধ করবেন বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ। মঙ্গলবার তিনি বলেছেন, "নির্বাচনের আগে জরুরি অবস্থা তুলে নেওয়ার জন্য আমি সরকারকে বিশেষভাবে অনুরোধ করব।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2008, 11:10 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আসন্ন সংসদ নির্বাচনের আগেই জরুরি অবস্থা প্রত্যাহারের জন্য সরকারের কাছে অনুরোধ করবেন বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ। মঙ্গলবার তিনি বলেছেন, "নির্বাচনের আগে জরুরি অবস্থা তুলে নেওয়ার জন্য আমি সরকারকে বিশেষভাবে অনুরোধ করব।" রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক সংবর্ধনা অনুষ্ঠানে জেনারেল মইন একথা বলেন। বাংলাদেশ কাউন্সিল অফ চেম্বার প্রেসিডেন্টস (সিসিপি) মইনকে এ সংবর্ধনা দেয়। সরকারি ঘোষণা দেওয়ার সময় পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহবান জানিয়ে মইন বলেন, "সরকার এটা করবে। সরকারকে এটা করতেই হবে।" সেনাপ্রধানের কথায় ইঙ্গিত ছিল যে, জরুরি অবস্থা প্রত্যাহারের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এর দুদিন আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন ইঙ্গিত দিয়ে বলেছিলেন নির্বাচনের সময় জরুরি অবস্থা না থাকলে আইন-শৃংখলা রক্ষায় কোন সমস্যা হবে না। মঙ্গলবার সকালেই আরেকজন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, নির্বাচনের আগে 'যৌক্তিক সময়ে' জরুরি অবস্থা তুলে নেওয়া হবে। জেনারেল মইন বলেন, ক্ষমতা নেওয়ার কোনও অভিপ্রায় সেনাবাহিনী গত বছর এগারোই জানুয়ারীর সময় দেখায়নি। তিনি বলেন, "রাষ্ট্রপতি প্রথমে জরুরি অবস্থা জারি করেন। পরে আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়।" সেনাপ্রধান বলেন, গত দুই বছর সেনাবাহিনী দুর্নীতি দমনে কাজ করেছে। "হয়তো আমরা পুরোপুরি সফল এখনও হইনি। তবে দেশবাসীকে এই ধারণাটি আমরা দিতে পেরেছি, কী মাত্রার দুর্নীতি দেশে হচ্ছিল।" গত দুই বছরে সেনাবাহিনীর ভূমিকার জন্যই সেনাপ্রধানকে সংবর্ধনা দেয় সিসিপি। সংগঠনের সভাপতি আবুল কাশেম আহমেদ তার বক্তব্যে গত দুই বছরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সামরিক বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, "সার, কীটনাশক ও বীজ বিতরণে সামরিক বাহিনী যে ভূমিকা রেখেছে, দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এর কোনও বিকল্প ছিল না।" অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি আনিসুল হক, এমসিসিআই সভাপতি লতিফুর রহমান, বিজিএমইএ সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, বিকেএমইএ সভাপতি ফজলুল হক প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এমআই/জিএনএ/১৬৫১ঘ.