ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে পরামর্শ অনুযায়ী সংসদ নির্বাচনের আগেই যৌক্তিক সময়ে জরুরি অবস্থা তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
উপদেষ্টা বলেন, "জরুরি অবস্থার মধ্যে নির্বাচন হবে না- সরকার এ ব্যাপারে আগেও বলেছে, এখনও বলছে। ইসির সঙ্গে পরামর্শ অনুযায়ী নির্বাচনের আগেই একটি যৌক্তিক সময়ে জরুরি অবস্থা তুলে নেওয়া হবে এবং জরুরি অবস্থা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হবে।"
তিনি আরো বলেন, দুটি বড় রাজনৈতিক জোটের সঙ্গে সরকার ও ইসির আলেচনা ফলপ্রসূ হয়েছে। ইতোমধ্যেই দুটি দলই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণাও দিয়েছে।
নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে 'দায়িত্বশীলতার' পরিচয় দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়ে হোসেন জিল্লুর রহমান বলেন, "আমরা সবাই সম্মিলিতভাবে ধৈর্য ও দায়িত্বশীলতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এ কারণে অর্জনের একটি শক্ত গাঁথুনি তৈরি হয়েছে। এ থেকে গণতান্ত্রিক উত্তরণে আমরা সক্ষম হব।"
উপদেষ্টা বলেন, "সরকার ও রাজনৈতিক দল- আমরা কেউ কারো প্রতিপক্ষ নই। জাতির যে আকাক্সক্ষা রয়েছে দ্রুতই আমরা তা পূরণে শতভাগ সফল হব। তবে এজন্য আরো দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।"
এসময় আরো উপস্থিত ছিলেন যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল এবং আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
এর আগে চার উপদেষ্টার সঙ্গে গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক করেন বাংলাদেশের প্রাক নির্বাচনী প্রস্তুতি ও নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণে আসা জাতিসংঘের একটি প্রতিনিধি দল।
ফ্রান্সিস-ভেনড্রেলের নেতৃত্বে জাতিসংঘ প্রতিনিধি দলে আরো ছিলেন নেপালের প্রধান নির্বাচন কমিশনার ভুসরাজ পোখরেল এবং জাতিসংঘের রাজনৈতিক শাখার প্রধান আরাকেলি নাস্তানা।
বৈঠক শেষে প্রতিনিধি দলের প্রধান সাংবাদিকদের বলেন, "নির্বাচনকে সামনে রেখে দেশে সব ধরনের রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত হোক- এটাই জাতিসংঘ চায়।"
তিনি আরো বলেন, "প্রাথমিকভাবে আমাদের পর্যবেক্ষণে মনে হয়েছে, এক্ষেত্রে দেশে তেমন কোন সমস্যা নেই। এমন বিশ্বাস করারও কোন কারণ নেই যে এমন কোন সমস্যা থাকতে পারে যাতে গণমাধ্যমগুলোর তথ্য পেতে কোন সমস্যা হতে পারে অথবা রাজনৈতিক সভা সমাবেশের স্বাধীনতা থাকবেনা।"
বৈঠকে জরুরি অবস্থ্যা প্রত্যাহারের কোন আশ্বাস দেওয়া হয়েছে কিনা একজন টেলিভিশন সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, " আমরা আসলে আশ্বাস নেওয়ার জন্য কারো সঙ্গে দেখা করছি না। আমরা মনে করি, অনাকাক্সিক্ষত কিছু না হলে নির্বাচনের আগেই জরুরি অবস্থা তুলে নেওয়া হবে এবং সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টি হবে।"
দেশে নির্বাচনের সুষ্ঠু অবস্থা বিরাজ করছে বলেও ফ্রান্সিস মন্তব্য করেন।
নির্বাাচনের জন্য জাতিসংঘ পৃথক কোন পর্যবেক্ষক দল পাঠাবে না জানিয়ে তিনি বলেন, "যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) সহ বেশ কিছু আন্তর্জাতিক পর্যবেক্ষক দল কাজ করছে। তাদের সিদ্ধান্তগুলোই আমরা মূল্যায়ন করব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/জিএনএ/১৬০৯ ঘ.
bdnews24