চট্টগ্রাম, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শাহজাহানকে মঙ্গলবার দুপুরে বন্দিদশা থেকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার আতাউর রহমান।
জামায়াতের এই নেতা একটি মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত। তিনি চট্টগ্রামের সাতকানিয়া আসনের সাবেক সাংসদ।
কারা কর্মকর্তা আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শাহজাহান চৌধুরীর জামিনের কাগজপত্র সোমবার সন্ধ্যায় কারাগারে এসে পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে সোমবার বেলা সাড়ে ১২টার দিকে তার প্রিজন সেল থেকে কারারক্ষী প্রত্যাহার করা হয়।"
শাহজাহান চৌধুরী গত ৩০ অক্টোবর থেকে হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি ছিলেন।
কারামুক্তির পর শাহজাহান চৌধুরী নেতাকর্মীদের নিয়ে চট্টগ্রাম মহানগর জামায়াত কার্যালয়ে যান।
সাংসদ কোটায় শুল্কমুক্ত গাড়ি ক্রয়ের দুর্নীতি মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে আরও চারটি মামলা বিচারাধীন।
সব মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ছাড়া পেলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১৫২০ ঘ.
bdnews24