ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান দুই জোট মেনে নিলেও জাতীয় যুক্তফ্রন্টের সঙ্গে আলোচনা না করে নির্বাচনের তারিখ পেছানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সদ্যগঠিত জোটটির নেতারা।
নিজেদের বিকল্প শক্তি বলে তুলে ধরা বিকল্পধারা, গণফোরাম ও কল্যাণপার্টিসহ কয়েকটি দলের জোট জাতীয় যুক্তফ্রন্টের নেতারা সোমবার এক সংবাদ সম্মেলনে তাদের ক্ষোভের কথা জানান।
রাজধানীর সেগুন বাগিচায় শরিক দল বিকল্পধারার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান বলেন, "নির্বাচন পেছানোর ব্যাপারে দুই জোটের বাইরেও অন্যান্য জোটের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। কারণ এখন শুধু এই দুই জোটের মধ্যে দেশের জনগণ সীমাবদ্ধ নয়। তাদের জন্য এই দুই জোটের বাইরেও আরো 'অপশন' আছে।"
গণফোরামের নেতা পঙ্কজ ভট্টাচার্য বলেন, "এখানে ব্রিটেন ও আমেরিকার মতো দ্বি-দলীয় ধারা প্রবর্তনের চেষ্টা চলছে।"
প্রধান দুই জোটের একটিতে 'স্বৈরাচার' অন্যটিতে 'স্বাধীনতা বিরোধী' শক্তি ক্রিয়াশীল বলে মন্তব্য করেন তিনি।
তার মনোনয়ন জমা না নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে মেজর মান্নান বলেন, "একটি আইনের অপব্যাখ্যার কারণে এ ঘটনা হয়েছে।"
মেজর মান্নান গত রোববার হেলিকপ্টারে করে নিজ নির্বাচনী এলাকায় গিয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলে বিধি লঙ্ঘনের অভিযোগে তা জমা নেননি নির্বাচন কমিশন কর্মকর্তারা।
এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা প্রশ্ন করা হলে মেজর মান্নান বলেন, "আমি আশা করি নিরপেক্ষ নির্বাচন হবে।"
নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে মেজর মান্নান বলেন, "আমাদের প্রস্তুতি ভালো এবং শেষ পর্যন্ত আমরা একটি ভালো খবর দিতে পারবো বলে আশা করছি। দু'একদিনের মধ্যে যৌথভাবে জোটের প্রার্থী ঘোষণা করা হতে পারে।"
গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিকল্পধারা বাংলাদেশ, গণফোরাম ও বাংলাদেশ কল্যাণ পার্টিসহ কয়েকটি দল নতুন নির্বাচনী জোট 'জাতীয় যুক্তফ্রন্ট' গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। ন্যাশনাল আওয়ামী পার্টি, লেবার পার্টি, ফরওয়ার্ড পার্টি, বাংলাদেশ পিপলস পার্টি জাতীয় যুক্তফ্রন্টে যোগ দিয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/টিএইচ/এসকে/২০৫৮ঘ.
bdnews24