ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এলডিপি ২০টি আসন চেয়েছে। মঙ্গলবার আসনগুলোর তালিকা জোট প্রধান শেখ হাসিনাকে দেবে দলটি।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার সন্ধ্যায় তার ধানমণ্ডির কার্যালয়ে বৈঠক শেষে এলডিপি মহাসচিব জাহানারা বেগম এ কথা জানান।
তিনি বলেন, "আমরা আওয়ামী লীগের কাছে ২০টি আসন চেয়েছি। আগামীকাল (মঙ্গলবার) নামগুলো নিয়ে আসব।"
২০ আসনে এলডিপি'র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিতে আওয়ামী লীগ রাজি হয়েছে কিনা- জানতে চাইলে জাহানারা বেগম বলেন, "আমরা প্রথমে ৩০টি আসন চেয়েছিলাম। আওয়ামী লীগই আমাদের কাছে ২০ জনের নাম চেয়েছে।"
শেখ হাসিনার সঙ্গে এলডিপির প্রতিনিধি দল জাহানারা বেগম ও রেদোয়ান আহমেদের নেতৃত্বে অংশ নেয়। আধ ঘণ্টাব্যাপী এ বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এসকে/২০৪৫ঘ.
bdnews24