ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রাণের টিন আত্মসাতের জন্য দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালুকে ওই মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের ওপর স্থগিতাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।
জামিন আবেদনের সঙ্গে ভুয়া চিকিৎসা সনদ দেওয়ায় এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সোমবার ফালুর আইনজীবী মৌলভী ওয়ালিউল্লাহকে ভৎর্সনাও করে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসকদের দেওয়া আলাদা সনদ একসঙ্গে উপস্থাপন করে মেডিকেল বোর্ডের সুপারিশ হিসেবে দেখানোর বিষয়টি স্বীকার করে মৌলভী ওয়ালিউল্লাহ আদালতের কাছে ক্ষমা প্রার্থণা করেন।
ত্রাণের টিন আত্মসাতের মামলায় নিম্ন আদালত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালুকে ৫ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে।
ফালুর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ২৩ অক্টোবর তাকে তিন মাসের জামিন দেয়। কিন্তু তিনি ভুয়া চিকিৎসা সনদ দেখিয়ে জামিনের আবেদন করেছেন- এই অভিযোগে দুর্নীতি দমন কমিশন জামিন বাতিলের আবেদন করলে আপিল বিভাগ গত ৩ নভেম্বর জামিন স্থগিত করে।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ৯ চিকিৎসক আদালতকে বলেন, বোর্ড গঠনের ভিত্তিতে নয়, হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা করে তারা ব্যক্তিগতভাবে ফালুকে সনদ দিয়েছেন। আরো দুজন আদালতের কাছে দাবি করেন, তারা ফালুর জন্য কোনো চিকিৎসা সনদে স্বাক্ষর করেননি।
এই ১১ চিকিৎসকের সনদ দিয়েই আদালতে জামিনের আবেদন করেছিলেন ফালুর আইনজীবী।
গত বছর ৬ ফেব্র"য়ারি একটি দুর্নীতি মামলায় ফালুকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এসকে/২০২৩ঘ.
bdnews24