ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা কবে তুলে নেওয়া হবে সে ব্যাপারে কোনো ধারণা নেই সরকারের মুখপাত্র হিসেবে পরিচিত উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের।
জরুরি অবস্থা কবে প্রত্যাহার হচ্ছে- সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ প্রশ্নে তিনি বলেছেন, "এ ব্যাপারে আমি কিছু জানি না।"
আওয়ামী লীগ ও বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনের আগেই জরুরি অবস্থা সম্পূর্ণ তুলে নেওয়ার দাবি জানিয়ে আসছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দাবি, মনোনয়ন প্রত্যাহারের দিন থেকেই জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে।
নির্বাচনের নতুন তারিখ ঘোষণায় সব দলের অংশগ্রহণ একরকম নিশ্চিত হলো, এ অবস্থায় সরকারের পরবর্তী পদক্ষেপ কী- জানতে চাওয়া হলে হোসেন জিল্লুর সোমবার বলেন, "এখন সব কিছুই নির্বাচন কমিশনের হাতে।"
যদিও রাজনৈতিক দলগুলোর অন্যতম দাবি গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১ (ই) ধারা সংশোধন কিংবা জরুরি অবস্থা প্রত্যাহারের ক্ষমতা নির্বাচন কমিশনের নেই।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা জরুরি অবস্থা প্রত্যাহার সরকারের ওপর এ কথাটি তুলে ধরে রোববার বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ জানানো হবে।
বিএনপি ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন দুই জোটের সঙ্গে আলোচনার পর হোসেন জিল্লুর গত ১৯ নভেম্বর বলেছিলেন, দুই প্রধান জোটের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে তাদের চারটি প্রস্তাব দেওয়া হয়।
ওই প্রস্তাবের একটি ছিল, সংসদীয় নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এনে 'যৌক্তিক সময়ে' জরুরি আইন সম্পূর্ণভাবে তুলে নেওয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/এসকে/১৭৪৯ঘ.
bdnews24