ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী রোববার রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।
মহিউদ্দিন রাত সাড়ে ৮টার দিকে শেখ হাসিনার বাসা সুধা সদনে যান।
সুধা সদন থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সুমন মাহবুব জানান, মেয়র মহিউদ্দিন রাত ৯টার দিকে বেরিয়ে যান। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
নাম প্রকাশ না করার শর্তে শেখ হাসিনার ঘনিষ্ট একটি সূত্র জানায়, দলের সভানেত্রী মেয়র মহিউদ্দিনকে তলব করেছিলেন। চট্টগ্রামের আসনগুলোতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের প্রচারণায় সহযোগিতা করার জন্য মহিউদ্দিন চৌধুরীকে নির্দেশ দিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২২৫৫ ঘ.
bdnews24