২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ওয়াকওভার না দিতে' বাবার আসনে সাইফুজ্জামান চৌধুরীর মনোনয়নপত্র জমা

চট্টগ্রাম- ১২ (আনোয়ারা) আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর পাশাপাশি তার ছেলে চট্টগ্রাম চেম্বারের সভাপতি সাইফুজ্জামান চৌধুরীও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2008, 02:46 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম- ১২ (আনোয়ারা) আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর পাশাপাশি তার ছেলে চট্টগ্রাম চেম্বারের সভাপতি সাইফুজ্জামান চৌধুরীও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাবার আসনে তার মনোনয়নপত্র জমা দেওয়ার কারণ হিসাবে সাইফুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ নিয়ে অন্য রকম কিছু ভাবার সুযোগ নেই। কোনো কারণে বাবার মনোনয়ন নিয়ে ঝামেলা হলে বিপক্ষ দল যাতে 'ওয়াকওভার' না পায় সেজন্য সর্তকতা হিসেবে এটি করা হয়েছে।" চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে রোববার তারা মনোনয়নপত্র জমা দেন। এ আসন থেকে আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে আখতারুজ্জামান চৌধুরী বাবুকে মনোনয়ন দিয়েছে। সাইফুজ্জামান জানান, কোনো 'সমস্যা' না হলে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। তবে কী ধরনের সমস্যা হতে পারে সে বিষয়ে তিনি কিছু বলেননি। এ দু'জন ছাড়াও রোববার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুচ ছালাম (চট্টগ্রাম- ৭, চান্দগাঁও- বোয়ালখালী), ডা. আফসারুল আমিন (চট্টগ্রাম- ৯, ডবলমুরিং) ও খোরশেদ আলম সুজন (চট্টগ্রাম- ১০, পতেঙ্গা- পাহাড়তলী) মনোনয়নপত্র জমা দেন। এছাড়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা ও আইনজীবী রানা দাশগুপ্ত স্বতন্ত্র প্রার্থী হিসাবে চট্টগ্রাম- ৮ (কোতোয়ালি) আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন। বিভাগীয় কমিশনার কার্যালয়ে রোববার মোট ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিয়েছেন আরো তিন প্রার্থী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/এসকে/২০৪০ঘ.