২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন বানচালের চেষ্টা এখনও চলছে: হাসিনা

নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে শেখ হাসিনা বলেছেন, "এখনও নির্বাচন বানচাল করার চেষ্টা চলছে।" নাম উল্লেখ না করে তিনি আরো বলেন 'তাদের' দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা রয়ে গেছে যার কাছে প্রতিদ্বন্দ্বিতায় টেকা কঠিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2008, 01:00 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে শেখ হাসিনা বলেছেন, "এখনও নির্বাচন বানচাল করার চেষ্টা চলছে।" নাম উল্লেখ না করে তিনি আরো বলেন 'তাদের' দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা রয়ে গেছে যার কাছে প্রতিদ্বন্দ্বিতায় টেকা কঠিন। নির্বাচনের নতুন তারিখ ঘোষণার ঘণ্টাখানেক আগে রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষকের সঙ্গে মতবিনিময়ের সময় আওয়ামী লীগ সভানেত্রী তার এ সংশয়ের কথা জানান। শেখ হাসিনার ওই বক্তব্যের কিছু সময় পরই নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিলে তৃতীয় দফা পরিবর্তন এনে ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে। এ সিদ্ধান্তের আগে রোববারই আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করে ইসি। নির্বাচনের তফসিলে পরিবর্তনের সমালোচনা করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "আমরা ইতোমধ্যে প্রার্থীদের মনোনয়ন দিয়ে দিয়েছি। এখন কাকে কিভাবে কেনা যায়, কার বিরুদ্ধে কোন প্রার্থী দেওয়া যায়- সেটাই করবে তারা।" 'তারা' বলতে তিনি কারও নাম উল্লেখ করেননি। শেখ হাসিনা বলেন, "তাদের তো টাকার অভাব নেই। দুর্নীতিবিরোধী অভিযান হলো। কিন্তু তা তো দুর্নীতির বিরুদ্ধে না হয়ে রাজনীতির বিরুদ্ধে হয়েছে। তাদের তো টাকার জোর আছে। আমাদের ইলেকশন নষ্ট করার চেষ্টা করছে। আমাদের চরম বেকায়দায় ফেলে দিয়েছে।" "যারা জনগণের জন্য কাজ করে, তাদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তত্ত্বাবধায়ক সরকার যতই বড় কথা বলুক, ওদের টাকা রয়েই গেছে। ওদের টাকার স্রোতের কাছে টিকে থাকাই কঠিন।" ২ নভেম্বর তফসিল ঘোষণার পর রোববার তফসিল পুনর্নির্ধারণের আগে ইসি এর আগে দুই দফা তফসিলে পরিবর্তন আনে। দুর্নীতিবিরোধী অভিযানে যারা গ্রেপ্তার হয়েছিলেন, তাদের অধিকাংশই এখন জামিনে মুক্ত- উল্লেখ শেখ হাসিনা বলেন, "এরপর সবাই চুরিই করবে।" তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযান ব্যর্থ হয়েছে- এ দাবি করে তিনি বলেন, "দুর্নীতিবাজদের দুর্নীতি এ সরকার জায়েজ করে দিল। এ সরকার মাইনাস করতে গিয়ে ডবল প্লাস করে দিলো।" ২৮ ডিসেম্বর নির্বাচন হলে চার দলীয় জোট তাতে অংশ নেবে বলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, "একজন দাবিই করে যাবে, আর তা মেনে নিতেই হবে। একদিকে দাবি করবে জরুরি অবস্থা প্রত্যাহারের, অন্যদিকে নির্বাচন বিলম্বিত করবে।" আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "জনগণ নির্বাচন চায়, নির্বাচন করতেই হবে। এর কোনও বিকল্প নেই।" তিনি বলেন, "নির্বাচন সঠিকভাবে হোক, সেটাই আমরা চাই। আমরা অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন চাই। জনগণ ভোট দিচ্ছে, এটা শুধু টেলিভিশনে দেখতে চাই না। জনগণ যেন তাদের দেওয়া ভোটের প্রতিফলন দেখতে পায়।" ২১ আগস্টের ছাত্র বিক্ষোভের সময় শিক্ষকদের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে হাসিনা বলেন, "কাউকে ধরে নিয়েই নির্যাতন করে নিজেদের মতো করে কথা বলানোর চেষ্টা করানো হয়েছে। এটা তো মানবাধিকার লঙ্ঘন। এ কথা আমি আগেও বলেছি। আর এ কথা বলার এক সপ্তাহের মধ্যে আমাকেই গ্রেপ্তার করা হয়েছিল।" শেখ হাসিনা বলেন, এখনও তিনি পুরোপুরি সুস্থ হননি। তার এক কানের হিয়ারিং এইড এখনও তৈরি হয়ে আসেনি। আর এক চোখের গ্লুকোমার জন্য যুক্তরাষ্ট্রের চিকিৎসকের কাছ থেকে তিন মাসের ওষুধ নিয়ে এসেছেন। শেখ হাসিনা কিছুটা আক্ষেপের সুরে বলেন, "যে ডাক্তারের রেফারেন্সে আমি হাসপাতালে ভর্তি হলাম, তিনি আর আমাকে দেখতে পারেননি। তাকে বলা হয়েছিল, জানেন তো দুর্ঘটনায় মানুষ মারা যায়।" তিনি দাবি করেন, কারাগারে তাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন (আইসোলেটেড) করে রাখা হয়েছিল। নাম উল্লেখ না করে আওয়ামী লীগ সমর্থক কয়েকজন আইনজীবীর ওয়ান-ইলেভেন পরবর্তী ভূমিকার সমালোচনা করে হাসিনা বলেন, "আইনজীবীরাও ডিপ আন্ডারগ্রাউন্ডে চলে গেল। তাদের কাছ থেকে অনেক কিছু আশা করেছিলাম।" তার মুক্তির দাবিতে সোচ্চার থাকার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ দেশের শিক্ষক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র রাশেদ খান মেননকে আমরা ঢাকায় মনোনয়ন দিয়েছি।" আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক সংগঠন ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন ঢাকা-৮ (মতিঝিল-রমনা-তেজগাঁও) আসনে নির্বাচন করবেন। আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে মতবিনিময় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক একে আজাদ চৌধুরী, অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, হারুন অর রশিদ, আনোয়ার হোসেন ও আখতারুজ্জামানসহ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআরএফ/এমআই/এসকে/১৮৫৪ঘ.