ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের নতুন তারিখ ঘোষণার আগে রোববার বিএনপি ও আওয়ামী লীগের দুটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বিকাল ৫টায় নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হবে বলে ইসি সচিবালয়ের কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন।
দুপুরে বিএনপি এবং বিকালে আওয়ামী লীগ নেতারা ইসি সচিবালয়ে যান। তারা সিইসিসহ অপর দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক করেন।
ইসি সঙ্গে বৈঠক শেষে আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, "দেশের মানুষের সুখ-শান্তি ও নিরাপত্তার কথা চিন্তা করে আমরা আলোচনায় অংশ নিয়েছি। আমরা সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন চাই। নির্বাচনের মধ্য দিয়েই জরুরি অবস্থার অবসান হবে।"
নির্বাচনের তারিখের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, "কিছুক্ষণের মধ্যেই কমিশন নতুন তারিখ ঘোষণা করবে, আপনারা জানবেন।"
আওয়ামী লীগের দুই সদস্যের প্রতিনিধি দলের অপর সদস্য ছিলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম।
এর আগে দুপুরে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করে ইসি। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন- দলের সহসভাপতি এমকে আনোয়ার, যুগ্মমহাসচিব নজরুল ইসলাম খান ও দপ্তর সম্পাদক রিজভী আহমেদ।
বৈঠক শেষে এমকে আনোয়ার সাংবাদিকদের বলেন, "এর আগের বৈঠকে আমাদের দেওয়ার প্রস্তাবের ব্যাখ্যা চেয়েছিল ইসি। আমরা আজ তা জানিয়েছি।"
তিনি বলেন, "মনোনয়নপত্র প্রত্যাহারের পরদিন থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার জন্য ইসির পক্ষ থেকেও সরকারকে সুপারিশ করা হবে বলে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে।"
নির্বাচনের নতুন তারিখ ঠিক হয়েছে কিনা- জানতে চাওয়া হলে এমকে আনোয়ার বলেন, "আলোচনার ভিত্তিতে একটা মতৈক্য হচ্ছে। কিছুক্ষণ পরই আপনারা তা জানতে পারবেন।"
গত শুক্র ও শনিবার চারদলীয় জোট এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে বৈঠক করেছিল ইসি।
বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকের আগে রোববার সিইসিসহ অপর দুই নির্বাচন কমিশনার এবং ইসি সচিব হুমায়ুন কবীর নিজেরা বৈঠক করেন।
ওই বৈঠক শেষ হওয়ার পর নির্বাচনের নতুন তারিখের বিষয়ে জানতে চাওয়া হলে সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, "অপেক্ষা করুন, দেখবেন (ওয়েট অ্যান্ড সি)।"
১৮ ডিসেম্বর সংসদ এবং ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের তারিখ রেখে গত ২ নভেম্বর তফসিল ঘোষণা করে ইসি। ভোট গ্রহণের তারিখ অপরিবর্তিত রেখে পরে তফসিলে দুই দফা পরিবর্তন আনা হয়।
ওই তফসিল অনুযায়ী আওয়ামী লীগ ও তাদের মিত্ররা নির্বাচনের প্রস্তুতি শুরু করলেও বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট নির্বাচন পেছানোর দাবি জানিয়ে আসছিল। পরে গত ২০ নভেম্বর খালেদা জিয়া জানান, ২৮ ডিসেম্বর নির্বাচন হলে চারদলীয় জোট তাতে অংশ নিতে রাজি।
২০০৭ সালের শুরুতেই জরুরি অবস্থা জারির পর গঠিত বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে পুনর্গঠিত নির্বাচন কমিশনের অধীনে আগামী সংসদ নির্বাচন হতে যাচ্ছে।
নির্বাচনের জন্য সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও নির্বাচন সংশি
bdnews24