২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থা তুললেও আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা নেই: মতিন

জরুরি অবস্থা পুরোপুরি তুলে নেওয়া হলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আাশঙ্কা নেই বলে মনে করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2008, 09:36 AM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা পুরোপুরি তুলে নেওয়া হলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আাশঙ্কা নেই বলে মনে করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিন। তিনি বলেছেন, "জরুরি অবস্থা পুরোপুরি প্রত্যাহার করে নিলে আইন-শৃঙ্খলার অবনতির কোনও আশঙ্কা নেই। আমরা আশা করি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।" নবম জাতীয় সংসদ এবং তৃতীয় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে রোববার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন উপদেষ্টা। তিনি একইসঙ্গে বলেন, "নির্বাচনে জরুরি অবস্থা পুরোপুরি প্রত্যাহার করা হবে কিনা, তা এখনও আমি জানি না। এটা সরকারের সিদ্ধান্তের ব্যাপার।" এমএ মতিন জানান, নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ, বিডিআর, আনসার ছাড়াও প্রতিটি জেলায় চার থেকে পাঁচ প্লাটুন সেনা স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। কবে থেকে সেনাবাহিনী মোতায়েন করা হবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, "নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী মোতায়েন করা হবে।" ভিভিআইপি ও ভিআইপিদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। নির্বাচন ঘিরে দুই নেত্রীর জন্য কোনও হুমকি আছে কিনা- জানতে চাইলে উপদেষ্টা বলেন, "কোনও হুমকি নেই।" মতিন বলেন, "গত দুই বছর দেশবাসী একটি নির্বাচনের জন্য অপেক্ষা করেছে। যাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়, সেটাই সরকারের একমাত্র লক্ষ্য।" সভা শেষে স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম সাংবাদিকদের জানান, আসন্ন সংসদ নির্বাচনে সাড়ে ৩৫ হাজার কেন্দ্রে ভোটগ্রহণ হবে। বুথের সংখ্যা হবে ১ লাখ ২২ হাজার। উপজেলা নির্বাচনে এ সংখ্যা আরও বাড়তে পারে। তিনি জানান, এবার প্রত্যেকটি ভোটকেন্দ্রে নিরাপত্তার জন্য ১৩ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে ১৯ জন। এবার ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা কত- জানতে চাওয়া হলে স্বরাষ্ট্র সচিব বলেন, "এর সুনির্দিষ্ট সংখ্যা চূড়ান্ত পর্যায়ে গিয়ে নির্ধারণ করা যাবে।" আব্দুল করিম জানান, নির্বাচনের চার দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন্দ্রীয়ভাবে এবং প্রতিটি জেলায় রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হবে। নির্বাচনকে সন্ত্রাস ও কালোটাকামুক্ত রাখতে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তার অভিযান জোরদার করা হবে বলেও জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে স্বরাষ্ট্র সচিব ছাড়াও উপস্থিত ছিলেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, পুলিশের মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদ, র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকারসহ বিভিন্ন সংস্থা ও নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এমআই/১৫২৫ ঘ.