২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক মামলায় জামিন পেলেন মওদুদ

এফডিআর জালিয়াতি মামলায় তিন মাসের জামিন পেয়েছেন সাবেক আইনমন্ত্রী ও বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ। রোববার হাইকোর্ট তাকে অন্তর্র্বতীকালীন জামিন দেয়। একইসঙ্গে মামলাটির কার্যক্রমেও তিন মাসের স্থগিতাদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2008, 08:34 AM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এফডিআর জালিয়াতি মামলায় তিন মাসের জামিন পেয়েছেন সাবেক আইনমন্ত্রী ও বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ। রোববার হাইকোর্ট তাকে অন্তর্র্বতীকালীন জামিন দেয়। একইসঙ্গে মামলাটির কার্যক্রমেও তিন মাসের স্থগিতাদেশ দিয়েছে আদালত। তবে মওদুদের বিরুদ্ধে আরেকটি মামলা থাকায় এ মামলায় জামিন পেলেও তিনি মুক্তি পাচ্ছেন না বলে তার আইনজীবী জানিয়েছেন। মওদুদের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এফডিআর (ফিক্সড ডিপোজিট রিসিট) জালিয়াতির মামলায় তাকে জামিন দেন বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ফারাহ মাহবুবের বেঞ্চ। মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করা কেন অবৈধ ঘোষণা করা হবে না- আগামী চার সপ্তাহের মধ্যে তার কারণ দর্শানোর জন্যও হাইকোর্ট রোববার সরকারের প্রতি আদেশ দিয়েছে। আদালতে মওদুদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। আদেশের পর অ্যাডভোকেট আহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যারিস্টার মওদুদ আহমেদকে এ মামলায় তিন মাসের জামিন ও একই সময়ের জন্য মামলাটির কার্যক্রমও স্থগিত করেছে হাইকোর্ট।" তিনি বলেন, "তার (মওদুদ) বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে। তাই এই মুহূর্তে তিনি কারামুক্তি পাবেন না।" অ্যাডভোকেট করিম শুনানিতে বলেন, "গত মাসে দায়ের করা এ মামলায় অভিযোগ ব্যারিস্টার মওদুদ আহমেদ এবি ব্যাংকের এফডিআর তুলে বেনামী এফডিআর করেন এবং পরবর্তীতে তিনি এই টাকা তুলে নিয়েছেন। মওদুদ আহমেদ তার নিজের টাকা নিজে তুলেছেন। এতে কী অপরাধ হয়েছে?" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এজে/এমআই/১৪২৬ ঘ.