রংপুর, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ আসন্ন সংসদ নির্বাচনে রংপুর সদর (রংপুর-৩) আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
রংপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আব্দুল আহাদের কাছে রোববার সকাল সোয়া ১০টায় তিনি তার মনোনয়পত্র জমা দেন।
এ সময় এরশাদের দুই ভাই জিএম কাদের ও মোজাম্মেল হক লালুসহ পরিবারের লোকজন এবং জাতীয় পার্টির নেতারা তার সঙ্গে ছিলেন ।
মনোনয়নপত্র দাখিলের পর এরশাদ সাংবাদিকদের বলেন, "ক্ষমতার মোহে নয়, সরকারে থেকে দেশের মানুষের সেবা করার জন্য রাষ্ট্রপতি হতে চাই।"
তিনি বলেন, "এবারই প্রথম সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করতে পারায় আমি আনন্দিত। এর আগে কারাগারে থেকে নির্বাচন করেছিলাম।"
তিনি আরও বলেন, "সরকারে না থাকলে উন্নয়ন কর্মকাণ্ড করা সম্ভব হয় না। রংপুরের মানুষ তার জন্য যে ত্যাগ স্বীকার করেছে, সেই ঋণ শোধ করার জন্য কাজ করতে চাই ।"
এরশাদ বলেন, শনিবার জাতীয় পার্টির যেসব নেতা বিএনপিতে যোগ দিয়েছেন অতীতেও তারা দলবদল করেছেন। একইসঙ্গে এরশাদ দলের ত্যাগী নেতারা তার সঙ্গে রয়েছেন বলেও দাবি করেন।
মনোনয়নপত্র দাখিলের পর ভাতিজা আসিফ শাহরিয়ারকে নিয়ে গঙ্গাচড়া উপজেলা সদরে যান এরশাদ। সেখানে তিনি ডাক বাংলো মাঠে সমাবেত নেতা-কর্মীদের উদ্যেশে বক্তৃতা দেন।
এ সময় কিছু নেতা-কর্মী 'পরিবার নয় স্থানীয় নেতাদের মধ্য থেকে প্রার্থী চাই' বলে শ্লোগান দেয়। এরশাদ তখন বক্তব্য সংক্ষিপ্ত করে কুড়িগ্রামের উদ্যেশে রওনা হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৪০০ ঘ.
bdnews24