ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের পর শনিবারই নির্বাচন কমিশন (ইসি) সংসদ ও উপজেলা নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করতে চায়।
আওয়ামী লীগ নেত্বতাধীন জোটের সঙ্গে আলোচনা শেষে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা।
শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে সিইসি সাংবাদিকদের বলেন, "সময় খুব কম। আলোচনা সেরে আজই (শনিবার) নির্বাচনের পুনঃতফসিল জানাতে চাই। কারণ, ইতিমধ্যে ঘোষিত তফসিল অনুযায়ী রোববারই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।"
এর আগে শুক্রবার বিকেলে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করে কমিশন।
শনিবার সিইসি বলেন, "আওয়ামী লীগের সঙ্গে দুপুরে আলোচনার কথা রয়েছে। আলোচনা শেষ হলে আজই নতুন সময়সূচী জানানো হবে।"
শেষ খবর পাওয়া পর্যন্ত আওয়ামী লীগ মহাজোটের শরিক দলগুলোর সঙ্গে বিকেল পৌনে চারটায় বৈঠকে বসেছে।
এ বৈঠক শেষে আওয়ামী লীগের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিবেদক সুমন মাহবুব জানিয়েছেন।
এর আগে সিইসি বলেছিলেন, "সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে সংসদ নির্বাচন ১৮ ডিসেম্বরের পরিবর্তে ২৮ ডিসেম্বর করা যেতে পারে।"
একইসঙ্গে ২৮ ডিসেম্বর নির্ধারিত উপজেলা নির্বাচনও পিছিয়ে দেওয়া যেতে পারে বলেও জানান সিইসি।
২৮ ডিসেম্বরই সংসদ নির্বাচনের নতুন তারিখ পুনর্র্নিধারণ করেছেন কি-না জানতে চাইলে সিইসি সাংবাদিকদের বলেন, "চারদলের সাথে আলোচনা হয়েছে। অপর জোটের সঙ্গেও কথা হবে। এরপর নতুন তারিখ নির্ধারণ করা হবে।"
আলোচনা করতে আওয়ামী লীগের প্রতিনিধিরা কখন কমিশনে আসবেন-এ প্রশ্নের জাবাবে তিনি বলেন, "দুপুর দুইটার দিকে আসতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসিএইচ/এজে/জিএনএ/১৬৪৪ ঘ.
bdnews24