ফারুক ইকবাল ও মিন্টু চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও চট্টগ্রামে দলটির সম্ভাব্য প্রার্থীরা ঘরে বসে নেই। মহানগরসহ জেলার বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।
নগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম মহানগরের দুটি আসন থেকে মনোনয়ন চাইবেন।
শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "চট্টগ্রাম নগরীর কোনো আসন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থী হওয়ার সম্ভবনা নেই। আমি আমার আগের আসন চট্টগ্রাম-৯ (ডবলমুরিং) এবং নতুন আসন চট্টগ্রাম-১০ থেকে মনোনয়ন চাইতে পারি।"
নতুন আসন বিন্যাসের কারণে মহানগরীকে তিনটির পরিবর্তে চারটি আসনে ভাগ করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম-১০ (পতেঙ্গা-পাহাড়তলী) আসনটি নতুন। অন্য আসনগুলো হলো- চট্টগ্রাম-৭ (চান্দগাঁও-বোয়ালখালী), চট্টগ্রাম-৮ (কোতোয়ালী) ও চট্টগ্রাম- ৯ (ডবলমুরিং)।
২০০১ সালের নির্বাচনে চট্টগ্রাম মহানগরীর তিনটি আসনেই বিএনপি প্রার্থীরা জয়ী হন। চান্দগাঁও-বোয়ালখালী আসনের সাবেক সাংসদ মোরশেদ খান সাজাপ্রাপ্ত হওয়ায় প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য হয়ে পড়েছেন। কাজেই বিএনপি নির্বাচনে গেলে এ আসনে নতুন প্রার্থী দেখা যেতে পারে। এছাড়া পতেঙ্গা-পাহাড়তলী আসনেও নতুন মুখ আসতে পারে বিএনপি থেকে।
মহানগরীর চারটি আসনে বিএনপি'র প্রার্থী সংকট নেই- এমন দাবি করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "নতুন আসনটিতে বিএনপির যোগ্য প্রার্থী আছেন। আমি নিজেই দুটি আসনে মনোনয়ন চাইতে পারি। তাছাড়া চান্দগাঁও-বোয়োলখালী আসনে এরশাদ উল্লাহ প্রার্থী হতে পারেন।"
আমীর খসরু মাহমুদ চৌধুরী ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ এর নির্বাচনে ডবলমুরিং আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এক-এগারোর পর থেকে দলের সিনিয়র নেতাদের কেউ কেউ আত্মগোপনে ছিলেন। তখন আমিসহ মাত্র কয়েকজনই রাজনীতির মাঠে ছিলাম। শিল্পপতি মোরশেদ খান সাজাপ্রাপ্ত এবং তিনি বিদেশে অবস্থান করছেন।"
এরশাদ উল্লাহ বলেন, "দল নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলে আমি চান্দগাঁও-বোয়ালখালী আসনে মনোনয়ন চাইব। এজন্য ঈদের পর থেকেই গণসংযোগ চালিয়ে যাচ্ছি।"
মহানগরীর নতুন আসনে (পতেঙ্গা-পাহাড়তলী) দলীয় মনোনয়ন সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "পতেঙ্গা এবং ডবলমুরিং আসন থেকে আমীর খসরু সাহেব নির্বাচন করতে পারেন। পতেঙ্গা আসনে নতুন মুখ আসার সম্ভাবনা দেখি না।"
আমীর খসরু মাহমুদ বলেন, "চট্টগ্রামের সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। কেন্দ্র থেকে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে তারা মনোনয়নপত্র সংগ্রহ করবেন। তবে কেন্দ্রের ঘোষণার ওপরই নির্ভর করবে- দল নির্বাচনমুখী না আন্দোলনমুখী হবে।"
মহানগরীতে দলের প্রার্থী সঙ্কট প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা পূরণ হয়ে যাবে। প্রার্থী নিয়ে আমাদের কোনো সংকট থাকবে না।"
দল নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণার আগে চট্টগ্রামের কোন আসনে কে প্রার্থী হতে পারেন সে সম্পর্কে কিছু বলতে রাজি হননি নোমান।
তিনি বলেন, "কোন আসনে কে মনোনয়ন পাবেন তা নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।"
নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে নোমান বলেন, "আমাদের সব প্রস্তুতিই নেয়া আছে। শুধু চট্টগ্রাম শহরেই নয়, বৃহত্তর চট্টগ্রামেও দল সুসংগঠিত। স
bdnews24