২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাকুঞ্জে খালেদা-হাসিনা

দেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে পৌঁছেছেন । সন্ধ্যা ৭টার পর খালেদা জিয়া ও কিছুক্ষণ পর শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে পৌঁছান। অনুষ্ঠানস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফিরোজ আহমেদ জানান, দুই নেত্রী হাত মেলান এবং প্রায় চার মিনিট দাঁড়িয়ে নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন। এর আগে ২০০৬ সালে সশস্ত্র দিবসের অনুষ্ঠানে দুই নেত্রী একসঙ্গে যোগ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2008, 01:18 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে পৌঁছেছেন । সন্ধ্যা ৭টার পর খালেদা জিয়া ও কিছুক্ষণ পর শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে পৌঁছান। অনুষ্ঠানস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফিরোজ আহমেদ জানান, দুই নেত্রী হাত মেলান এবং প্রায় চার মিনিট দাঁড়িয়ে নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন। এর আগে ২০০৬ সালে সশস্ত্র দিবসের অনুষ্ঠানে দুই নেত্রী একসঙ্গে যোগ দেন। সশস্ত্র বাহিনী দিবসে সন্ধ্যা ৬টায় সেনাকুঞ্জে এ সংবর্ধনার আয়োজন করেছেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ। সেনা কুঞ্জের অনুষ্ঠানে আরো থাকছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, উপদেষ্টা পরিষদের সদস্য, স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, বিচারপতি, কূটনীতিক এবং রাজনীতিকরা। সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে যোগ দিচ্ছেন। এই অনুষ্ঠানে স্বাধীনতাবিরোধীদের আমন্ত্রণ জানানো হয়েছে- অভিযোগ করে সেক্টর কমান্ডারস ফোরামের নেতারা সংবর্ধনা অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টিও একই কারণে অনুষ্ঠানে অংশ নিচ্ছে না বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে স্বাধীনতাযুদ্ধে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। শিখা অনির্বাণে প্রথমে ফুল দেন রাষ্ট্রপতি। এরপর সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এসএম জিয়াউর রহমান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে ফুল দেন। ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী সমন্বিতভাবে স্বাধীনতা যুদ্ধে নামে। সেদিন সশস্ত্র বাহিনী জনগণের সঙ্গে একাত্ম হয়ে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে। দিবসটি উপলক্ষে সকালে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করেন। সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানও নিজ নিজ বাহিনীর খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য টেলিভিশন বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। সংবাদপত্রগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌ ও বিমান ঘাঁটিগুলোতেও নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/টিএইচ/জেকে/১৯২০ ঘ.