ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৮ ডিসেম্বর নির্বাচন হলে তাতে যাওয়ার খালেদা জিয়ার ঘোষণার পর সরকার ও নির্বাচন কমিশন (ইসি) কী সিদ্ধান্ত নেয়, তা দেখেই আওয়ামী লীগ তাদের মতামত জানাবে।
দলের মুখপাত্র ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম শুক্রবার সুধা সদনে সাংবাদিকদের এ কথা জানান।
খালেদা জিয়া বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে জানান, ২৮ ডিসেম্বর নির্বাচন হলে চার দল তাতে অংশ নেবে।
তবে উপজেলা নির্বাচন একমাস পেছানো এবং গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১ (ই) ধারা বাতিল ও মনোনয়নপত্র দাখিলের শেষ দিন থেকে জরুরি অবস্থা সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচনের তারিখ নির্ধারিত রয়েছে।
খালেদা জিয়ার এ বক্তব্যে আওয়ামী লীগের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে সৈয়দ আশরাফ বলেন, "এক্ষেত্রে সরকার ও নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়, তা দেখে তারপর আমরা আমাদের মতামত জানাব।"
তিনি একই সঙ্গে বলেন, "আমাদের আশা, ১৮ ডিসেম্বর নির্বাচন হবে। আমরা চাই, বিএনপিও ওই দিনই নির্বাচনে আসুক।"
নির্বাচনের তারিখ পুনর্র্নিধারণ করা হলে আওয়ামী লীগ মেনে নেবে কিনা- জানতে চাইলে আশরাফ সরাসরি উত্তর না দিয়ে বলেন, "সরকারের সঙ্গে খালেদা জিয়ার কী আলোচনা হয়েছে- তা আমাদের জানা নেই। আমরা অপেক্ষা করছি। আমাদের আলোচনায় ডাকলে সাড়া দেব।"
আশরাফ বলেন, "নির্বাচন কমিশন ইতোমধ্যে বেশ কয়েকবার তফসিল পুনর্র্নিধারণ করেছে। এতে আমাদের প্রস্তুতি ব্যাহত হচ্ছে। এ কাজ একতরফাভাবে করা হয়েছে। আমাদের সঙ্গে তো আলোচনা করাই হয়নি।"
গত ২ নভেম্বর সংসদ ও উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। এর পর ভোট গ্রহণের তারিখ অপরিবর্তিত রেখে দুই দফা তফসিলে পরিবর্তন আনা হয়।
আওয়ামী লীগ ইতোমধ্যে সংসদ নির্বাচনে দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৬৫৮ ঘ.
bdnews24