ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৮ ডিসেম্বর নির্বাচন হলে তাতে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পরদিন শুক্রবারই চারদলীয় জোটের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে।
দুপুর সাড়ে ৩টার দিকে চারদলীয় জোটের নেতারা ইসি সচিবালয়ে আসে। তারা প্রধান নির্বাচন কমিশনারসহ অপর নির্বাচন কমিশনারদের সঙ্গে বিকাল সড়ে ৫টা পর্যন্ত বৈঠক করেন।
বৈঠক শেষে প্রতিনিধি দলের নেতা বিএনপির সহসভাপতি এমকে আনোয়ার সাংবাদিকদের বলেন, "আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তবে আরও আলোচনা হবে।"
কী কী বিষয়ে আলোচনা হয়েছে- জানতে চাওয়া হলে বিএনপি নেতা বলেন, "নির্বাচনের বিষয়ে আমাদের নেত্রী (খালেদা) গতকাল (বৃহস্পতিবার) সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়েছেন। এর খুঁটিনাটি নিয়ে আলোচনা হয়েছে।"
চার দলের প্রস্তাবের বিষয়ে ইসি কিছু জানিয়েছে কিনা- জানতে চাইলে এমকে আনোয়ার বলেন, "আমরা আমাদের কথা বলেছি। ইসি তাদের সিদ্ধান্ত পরে জানাবে।"
প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জসীম উদ্দিন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে জানান, ২৮ ডিসেম্বর নির্বাচন হলে চার দল তাতে অংশ নেবে।
তবে উপজেলা নির্বাচন একমাস পেছানো এবং গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯১ (ই) ধারা বাতিল ও মনোনয়নপত্র দাখিলের শেষ দিন থেকে জরুরি অবস্থা সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচনের তারিখ নির্ধারিত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৮০০ ঘ.
bdnews24