২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা সমর্থিত এ সরকারের ব্যর্থ হওয়া চলবে না: নিজামী

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী বলেছেন, সেনা সমর্থিত বর্তমান সরকারের ব্যর্থ হওয়া চলবে না। ২৮ ডিসেম্বর নির্বাচন হলে তার দল অংশ নিতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2008, 10:22 AM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী বলেছেন, সেনা সমর্থিত বর্তমান সরকারের ব্যর্থ হওয়া চলবে না। ২৮ ডিসেম্বর নির্বাচন হলে তার দল অংশ নিতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিজামী বলেন, "যেহেতু বর্তমান সরকার আমাদের দেশপ্রেমিক সশস্ত্রবাহিনীর সমর্থনপুষ্ট, তাই কোনও অবস্থাতেই এ সরকারের ব্যর্থ হওয়া চলবে না।" "কোন অবস্থাতেই সশস্ত্রবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া যাবে না।" নির্বাচনের বিষয়ে জামায়াত আমির বলেন, "বৃহস্পতিবার চারদলীয় জোটনেত্রী খালেদা জিয়া ২৮ ডিসেম্বর সংসদ নির্বাচন হলে তা মেনে নেওয়ার যে ঘোষণা দিয়েছেন; আমরা (জামায়াত) তার প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করছি।" নিজামী বলেন, "গতরাতে (বৃহস্পতিবার) নির্বাচন কমিশনও এ ঘোষণাকে ইতিবাচক বলে স্বাগত জানিয়েছে। এর মধ্য দিয়ে জনগণও শ্বাসরুদ্ধকর এক অবস্থা থেকে মুক্তি পেয়েছে। একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে।" তিনি অভিযোগ করেন 'একটি বিশেষ দলকে' ক্ষমতায় বসাতে একতরফা নির্বাচনের প্রক্রিয়া চলছে। নিজামী বলেন, "অবাধ নির্বাচন অনুষ্ঠানে আমরা সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছি। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সুনির্দিষ্ট কিছু দাবিও দিয়েছিলাম। তখন সরকার বলেছিল, ৬টি দাবির সঙ্গে তারা একমত। কিন্তু সরকার দাবিগুলোর কিছুই বাস্তবায়ন না করে আলোচনা ছাড়াই নির্বাচনের তফসিল ঘোষণা করে।" তিনি জরুরি আইন তুলে নেওয়া এবং উপজেলা নির্বাচন পেছানোর দাবি জানান। জামায়াত নেতা বলেন, "জরুরি অবস্থা বহাল রেখে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্ভব নয়। আর কয়েকদিনের ব্যবধানে জাতীয় সংসদের পাশাপাশি উপজেলা নির্বাচনের প্রচারাভিযান চললে জনগণ বিভ্রান্ত হবেন। তাই আমরা জরুরি আইন প্রত্যাহার, উপজেলা নির্বাচন কমপক্ষে একমাস পিছিয়ে দেওয়া এবং জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৯১-ই ধারাসহ কয়েকটি ধারা বাতিলের পরামর্শ দিয়েছি।" নিজামী বলেন, "আমরা আশা করব, দ্রুততম সময়ের মধ্যে চারদলীয় জোটের সর্বশেষ দাবি মেনে নিয়ে নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সব মহল দেশ ও জনগণের প্রতি তাদের অর্পিত দায়িত্ব পালন করবেন।" ১৮ ডিসেম্বর নির্বাচন হলে জামায়াতে ইসলামী অংশ নেবে কি না- এই প্রশ্নে তিনি বলেন, "১৮ ডিসেম্বর নির্বাচন হলে তখন দেখা যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৬১৬ ঘ.