২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুধা সদনের সামনে বিক্ষুব্ধরা অনশনে

আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া প্রার্থীদের সমর্থকরা সুধা সদনের সামনে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। গত চার দিন ধরেই বিভিন্ন প্রার্থীর সমর্থকরা বিক্ষোভ করছে। অনশন করছে পিরোজপুর-২ আসনে মনোনয়ন চেয়ে ব্যর্থ অধ্যক্ষ শাহ আলমের সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2008, 08:52 AM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া প্রার্থীদের সমর্থকরা সুধা সদনের সামনে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। গত চার দিন ধরেই বিভিন্ন প্রার্থীর সমর্থকরা বিক্ষোভ করছে। অনশন করছে পিরোজপুর-২ আসনে মনোনয়ন চেয়ে ব্যর্থ অধ্যক্ষ শাহ আলমের সমর্থকরা। আওয়ামী লীগ ইতোমধ্যে প্রায় সব আসনে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। মনোনয়ন পাওয়া প্রার্থীদের গত সোমবার থেকে চিঠি দেওয়া শুরু হয় আওয়ামী লীগ সভানেত্রীর বাস ভবন সুধা সদন থেকে। পিরোজপুর-২ আসনে মনোনয়ন চেয়ে ব্যর্থ অধ্যক্ষ শাহআলমের সমর্থকরা চার দিন বিক্ষোভের পর শুক্রবার সকাল থেকে অনশন শুরু করেছে। তারা সুধা সদনের প্রবেশ পথে নিরাপত্তা চৌকির বাইরে ফুটপাথের ওপর শুয়ে কর্মসূচি পালন করছে। দুপুরের দিকে অনশনরত তিন জনকে স্যালাইন দিতে দেখা যায়। পিরোজপুর-২ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে হাবিবুর রহমান শেখকে। বিক্ষোভকারীরা অধ্যক্ষ শাহ আলমকে ওই আসনে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে আসছে। ঢাকা-২ আসনে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলামকে মনোনয়ন দেওয়ায় মঞ্জুরুল আলম রাজীবের সমর্থকরা শুক্রবার সকাল থেকে সুধা সদনের বাইরে বিক্ষোভ করছে। এছাড়া মনোনয়ন চেয়ে ব্যর্থ আরও কয়েকজনের সমর্থকরাও বিক্ষোভ করছে। দেশের বিভিন্ন স্থানেই গত কয়েকদিনে মনোনয়ন নিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিক্ষোভ হয়েছে। অনেক স্থানে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪৪৫ ঘ.