২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারের ১৯৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসন ও আটটি উপজেলা পরিষদ এলাকার ১৯৯টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2008, 04:23 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

কক্সবাজার, নভেম্বর ২০ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসন ও আটটি উপজেলা পরিষদ এলাকার ১৯৯টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নির্বাচন পূর্ব আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা পুলিশ প্রশাসনের জরুরি সভায় এ ভোটকেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমাম হোসেন। তিনি জানান, কক্সবাজার সদর-রামু আসনের ৬৩টি, উখিয়া-টেকনাফ আসনের ৩৩টি, চকরিয়া-পেকুয়া আসনের ৬০টি ও মহেশখালী-কুতুবদিয়া আসনের ৪০টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলোর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও কম ঝুঁকিপূর্ণ এ তিনভাগে কেন্দ্রগুলোকে ভাগ করা হয়েছে। এসব ভোটকেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে। সভা শেষে অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের জানান, ইংরেজি নববর্ষের আগের রাত (থার্টি ফাস্ট নাইট), পবিত্র ঈদুল আযহা, বিজয় দিবস এবং দু'টি জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশ বিভাগকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, থার্টি ফাস্ট নাইটে বিজয় দিবসে সৈকত ও শহরে কোন নাশকতামুলক ঘটনা যাতে না ঘটতে পারে সে বিষয়েও পুলিশ কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে। সভায় জেলার গরুর হাটগুলোতে চাঁদাবাজি বন্ধ করার জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান। পুলিশ সুপার মতিউর রহমান শেখের সম্মেলন কক্ষে তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে। সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমাম হোসেন, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সারওয়ার আলম, সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (মডেল থানা) এম এম সালাহ উদ্দিন, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন, কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মহিউদ্দিন সেলিম ও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৩ ঘ.