২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়রদের প্রার্থিতা সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে খোকার উকিল নোটিশ

মেয়াদ শেষে তিন বছর পার না হলে মেয়ররা সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে উকিল নোটিশ দিয়েছেন ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2008, 03:46 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--মেয়াদ শেষে তিন বছর পার না হলে মেয়ররা সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে উকিল নোটিশ দিয়েছেন ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। বৃহস্পতিবার খোকার পক্ষে তার আইনজীবী খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ প্রধান নির্বাচন কমিশনকে ফ্যাক্সযোগে এই উকিল নোটিশ পাঠিয়েছেন। নোটিশে আগামী রোববারের মধ্যে এই সিদ্ধান্ত বাতিল করা না হলে এর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। নোটিশে বলা হয়েছে, গত ১৭ ও ১৮ নভেম্বর বিভিন্ন দৈনিক পত্রিকায় "মেয়াদ শেষে তিন বছর পার না হলে মেয়ররা সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না" বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশন লাভজনক পদে আসীন মেয়ররা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে। নোটিশে বলা হয়েছে, এই সিদ্ধান্তে কেবল মেয়র খোকা নন, আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান এমন অন্য মেয়ররাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঢাকার মেয়র দেশের সব মেয়রের অধিকার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছেন। উকিল নোটিশে আরও বলা হয়েছে, মেয়র খোকা পরপর তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার আসনের ভোটাররা তাকে আবার সংসদ সদস্য হিসেবে পেতে চায়। তিনি কোন লাভজনক পদে দায়িত্ব পালন করছেন না। কারণ তার মর্যাদা মন্ত্রীর সমমর্যাদার। মেয়রদের সংসদ নির্বাচনে প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত দেশে বিদ্যমান আইনের লংঘন বলেও নোটিশে মন্তব্য করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২১৪০ঘ.