২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটগ্রহণ পর্যন্ত ছুটির দিনেও নির্বাচনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান খোলা থাকবে

জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচন উপলক্ষে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও নির্বাচন সংশ্লিষ্ট সব কার্যালয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2008, 03:41 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচন উপলক্ষে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও নির্বাচন সংশ্লিষ্ট সব কার্যালয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব (নির্বাচন) ফরহাদ আহম্মদ খান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনের যথাযথ প্রস্তুতি সম্পন্নের লক্ষ্যে ২১ নভেম্বর থেকে নির্বাচিত অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত নির্বাচন সংশ্লিষ্ট সব দপ্তর সাপ্তাহিক ছুটির দিনসহ প্রতিটি কর্ম দিবসে খোলা রাখার জন্য কমিশন নির্দেশ দিয়েছে।" ফরহাদ আহম্মদ খান জানান, ভোটগ্রহণের দিন পর্যন্ত শুক্রবার ও শনিবারসহ সরকারি ছুটির দিনে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এবং প্রয়োজনবোধে বিকাল ৫টার পরেও নির্বাচন সংশ্লিষ্ট কার্যালয় খোলা রাখতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। জরুরি প্রয়োজনে অন্যান্য সরকারি, স্বায়ত্তশাসিত অফিস বা প্রতিষ্ঠান খোলা রেখে সহায়তা দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে। এ নির্দেশনা অনুযায়ী নির্বাচনী সংশ্লিষ্ট দপ্তর যেমন, সব বিভাগীয় কমিশনারের কার্যালয়, উপ-নির্বাচন কমিশনারের কার্যালয়, জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনে সংশ্লিষ্ট রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়, জেলা নির্বাচন অফিস ও উপজেলা নির্বাচন অফিস সাপ্তাহিক ছুটিসহ অন্যান্য দিন খোলা থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এসকে/২১৩৪ঘ.