২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৮ ডিসেম্বর নির্বাচনে যেতে রাজি খালেদা

চারদলীয় জোটের প্রধান খালেদা জিয়া বলেছেন, ২৮ ডিসেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠান এবং উপজেলা নির্বাচন একমাস পেছানো হলে তারা এতে অংশ নেবেন। তবে বিএনপি ও তার মিত্ররা নির্বাচনে যেতে খুবই 'উদগ্রীব' বললেও আবারও গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯১ (ই) ধারা বাতিল ও মনোনয়নপত্র দাখিলের শেষ দিন থেকে জরুরি অবস্থা সম্পূর্ণ প্রত্যাহার করারও দাবি করেছেন তিনি।(সমন্বিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2008, 01:26 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোটের প্রধান খালেদা জিয়া বলেছেন, ২৮ ডিসেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠান এবং উপজেলা নির্বাচন একমাস পেছানো হলে তারা এতে অংশ নেবেন। তবে বিএনপি ও তার মিত্ররা নির্বাচনে যেতে খুবই 'উদগ্রীব' বললেও আবারও গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯১ (ই) ধারা বাতিল ও মনোনয়নপত্র দাখিলের শেষ দিন থেকে জরুরি অবস্থা সম্পূর্ণ প্রত্যাহার করারও দাবি করেছেন তিনি। (সমন্বিত) বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে গুলশানে নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপি প্রধান এ ঘোষণা দেন। খালেদা জিয়া বলেন, "আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, জনগণের মৌলিক অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ২৮ ডিসেম্বর নির্বাচন হলে আমরা অবশ্যই অংশ নেব।" ১৮ই ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের 'একতরফা ঘোষণা' প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে নির্বাচন করতে সরকারের উদ্দেশে আহ্বান জানান তিনি। খালেদা জিয়ার বক্তব্য 'একটি ভাল অগ্রগতি' বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাত সোয়া ৯টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "বিএনপি চেয়ারপারসনের ঘোষণা নির্বাচনের পথে একটি ভাল অগ্রগতি। প্রধান নির্বাচন কমিশনারসহ আমাদের বসতে হবে। এ বৈঠক আগামীকালও (শুক্রবার) হতে পারে। এরপর আমরা সিদ্ধান্ত জানাতে পারব।'' অন্যদিকে, খালেদার বক্তব্য সম্পর্কে অবস্থান জানতে চাইলে সরকারের মুখপাত্র হিসেবে পরিচিত বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ মুহূর্তে আমি কোনো মন্তব্য করব না। পরে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব।" সংবাদ ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসন নির্বাচনে যাওয়ার ব্যাপারে তাদের প্রবল আগ্রহের কথা উল্লেখ করে বলেন, আমরা নির্বাচনে যেতে উদগ্রীব বলেই সাত দফা থেকে ছাড় দিয়ে চার দফায় নেমে এসেছিলাম। তিনি অভিযোগ করেন, তার দলকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কমিশন ও সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন তিনি। খালেদা জিয়া বলেন, "দেশের স্বার্থে আমরা সব সময়ই নির্বাচনে অংশ নিতে চেয়েছি। সরকার ও নির্বাচন কমিশনকে এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। সরকার আমাদের সাত দফার মধ্যে ছয়টি দাবি মেনে নেওয়ার স্পষ্ট ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করা হয়নি।" তিনি বলেন, "গত ১৯ তারিখ (১৯ নভেম্বর) উপদেষ্টাদের কেউ কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করে জানতে চেয়েছেন, ২৮ ডিসেম্বর নির্বাচন হলে আমরা তাতে যাব কিনা। তাদের বলেছিলাম, আমরা নির্বাচনে যেতে রাজি, তবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে চারদফা বাস্তবায়ন করতে হবে।" এ ঘটনার পর সরকারের 'একতরফা' ঘোষণায় জাতি বিস্মিত হয়েছে মন্তব্য করে খালেদা জিয়া বলেন, "তাদের এ ঘোষণা প্রমাণ করেছে দুটি জোটের মধ্যে তারা একটির পক্ষে সুস্পষ্ট অবস্থান নিয়েছে।" লিখিত বক্তব্যের শেষ দিকে 'স্পর্শকাতর বিষয়' সম্পর্কে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে বিএনপি চেয়ারপার্সন বলেন, "কেবল দুই জোট ও সরকার নয়, দেশপ্রেমিক জাতি ও সশস্ত্র বাহিনীর ঐতিহ্য, ভাবমূর্তি ও নিরপেক্ষতার প্রশ্নটিও সমগ্র প্রক্রিয়ার সঙ্গে জড়িত। কাজেই আমাদের আরও অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে যাতে কেউ কোনোভাবে সশস্ত্র বাহিনীর নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করতে না পারে।" বক্তব্যের প্রথমেই বাংলাদেশের বিরুদ্ধে 'গভীর ষড়যন্ত্র' এবং জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তিকে ধ্বংস করার 'পরিকল্পনার' কথাও তুলে ধরেন বিএনপি নেত্রী। তিনি তার এবং পরিবারের ওপর নির্যাতন ও মামলা দায়ের এবং বিএনপিকে ভাঙার চেষ্টার অভিযোগ করেন। বড় দুই দলের সঙ্গে সমঝোতার উদ্যোগ ব্যর্থ হয়েছে উল্লেখ করে সরকার বুধবার রাতে ঘোষণা করে ইতিমধ্যে নির্ধারিত তারিখ ১৮ ডিসেম্বরই নির্বাচন হবে। এর আগে নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নিতে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে প্রথমে বিএনপির স্থায়ী কমিটি ও পরে ৪ দলীয় জোটের বৈঠক হয়। রাত আটটা থেকে আধ ঘন্টা স্থায়ী জোটের বৈঠকে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহীদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী ও মহাসচিব আব্দুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসহাক ও বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান এবং মহাসচিব শামীম আল মামুন উপস্থিত ছিলেন। জোটের বৈঠকের আগে সন্ধ্যা ৭টায় একই স্থানে খালেদা জিয়া দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করে ২৮ ডিসেম্বর নির্বাচন হলে তাতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। স্থায়ী কমিটির বৈঠকে তরিকুল ইসলাম, এম সাইফুর রহমান, খোন্দকার দেলোয়ার হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, সালাউদ্দিন কাদের চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন, ড. আর এ গনি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, এম শামসুল ইসলাম, অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান ,জামাতের এম কামারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। স্থায়ী কমিটির অন্য সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বর্তমানে কারাবন্দি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ইএইচবি/এমএইচসি/এএল/এসএনডি/এসকে/২১৫৪ঘ.