২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থিতা প্রত্যাহারের নতুন তারিখ ১ ডিসেম্বর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের তারিখ পিছিয়ে ১ ডিসেম্বর র্নিধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের তারিখও পিছিয়ে ৪ ডিসেম্বর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2008, 07:53 AM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের তারিখ পিছিয়ে ১ ডিসেম্বর র্নিধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের তারিখও পিছিয়ে ৪ ডিসেম্বর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশন সচিব মুহাম্মদ হুমায়ন কবির এ ঘোষণা দেন। গত ২ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন এবং ২৮ ডিসেম্বর উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ঠিক রেখে নির্বাচনী তফসিলে এ নিয়ে ২য় দফা পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে গত ৯ নভেম্বর তফসিলে প্রথমবারের মতো পরিবর্তন আনা হয়। নির্বাচন কমিশন সচিব বলেন, "নির্বাচনের তারিখ ঠিক রেখে অন্যান্য সময়সূচি পুনর্র্নির্ধারণ করা হয়েছে।" মুহাম্মদ হুমায়ন কবির আরো জানান, সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৫ ও ২৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। আর উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ পিছিয়ে ২৭ থেকে ২৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। বুধবার সংসদ ও উপজেলা পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমার সময় আগামী ২৩ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সিইসি বলেন, "বাস্তবতা বিবেচনা করেই মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়িয়ে ২৩ নভেম্বর করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।" সচিব বলেন, "গত কয়েকদিনে সম্ভাব্য প্রার্থীরা কিছুটা অনিশ্চয়তায় ছিল। তাদের প্রস্তুতির কথা বিবেচনা করে এবং মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে এ সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।" রাজনৈতিক সমঝোতা হলে নির্বাচনের তারিখ পিছিয়ে ২৮ ডিসেম্বর করার কোন পরিকল্পনা ইসির রয়েছে কিনা জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেননি। এর আগে সকাল ১১টায় সিইসি ও অপর দুই নির্বাচন কমিশনার এক বৈঠক করেন। গত ২ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। এ তফসিল অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয় ১৩ নভেম্বর। জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের জন্য তারিখ নির্ধারণ করা হয় ১৬ ও ১৭ নভেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ নভেম্বর। আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের জন্য ১৯ ও ২০ নভেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ ২৭ নভেম্বর নির্ধারণ করা হয়। এরপর গত ৯ নভেম্বর সংসদ ও উপজেলা- উভয় নির্বাচনেই মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয় ২০ নভেম্বর। এছাড়া সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের জন্য ২৩ ও ২৪ নভেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর নির্ধারণ করা হয়। আর উপজেলা নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের জন্য ২৫ থেকে ২৭ নভেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ ডিসেম্বর নির্ধারণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/জিএনএ/১৩৪৫ ঘ.