রংপুর, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বৃহস্পতিবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
একই দিন রংপুর-৩ (সদর) এবং কুড়িগ্রাম-২ (সদর) আসনে জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের মনোনয়নপত্র দাখিল করা হবে।
বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের পীরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মোকারম হোসেন জাহাঙ্গীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শেখ হাসিনা সন্ধ্যায় সাড়ে ৬টায় মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন।
প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে শেখ হাসিনার ভাসুরের ছেলে শাহাদাৎ হোসেন বকুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও শেখ হাসিনার বড় জা রওশনারা ওয়াহেদসহ কয়েকজন নেতা রাতে ঢাকা থেকে পীরগঞ্জের উদ্দেশে রওয়ানা দিয়েছেন বলেও জানান তিনি।
বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তার কাছে জমা দেওয়া হবে।
এদিকে রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এরশাদের রংপুর-৩ (সদর) এবং কুড়িগ্রাম-২ (সদর) আসনের মনোনয়নপত্র বিশেষ বাহকের মাধ্যমে ঢাকা থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কাছে দাখিল করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩৩১ ঘ.
bdnews24