ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক সমঝোতা হলে ২৮ ডিসেম্বর সংসদ নির্বাচন করা যাবে। সেক্ষেত্রে বৃহস্পতিবার পুনঃতফসিল ঘোষণা করা হবে। সরকারের কাছে এ প্রস্তাব নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।
তিনি বুধবার সন্ধ্যায় ইসি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, রাজনৈতিক সমঝোতা হলে ২৮ ডিসেম্বর সংসদ নির্বাচন করা যাবে। এ জন্য বৃহস্পতিবার পুনঃতফসিল ঘোষণা করা হতে পারে। আমরা এমন একটি প্রস্তাব সরকারের কাছে রেখেছি।
"তবে এখন (বুধবার সন্ধ্যা সাড়ে ৫টা) পর্যন্ত সরকারের কোনও সিদ্ধান্ত পাইনি", বলেন তিনি।
সিইসি বলেন, "আমরা এখন পর্যন্ত তো আগের অবস্থায়ই আছি (১৮ ডিসেম্বর নির্বাচন)। তবে প্রধান দুই জোটকে তো রাজি হতে হবে। সব দলের অংশগ্রহণের জন্য নির্বাচন পেছাতে কোনও অসুবিধা নেই। সেক্ষেত্রে ২৮ ডিসেম্বর নির্বাচন (সংসদ) করা যেতে পারে।"
উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "২৮ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সব দলের মধ্যে সমঝোতা হলে উপজেলা নির্বাচনও পেছানো হবে। আমরা এত কিছুর পরও নির্বাচনের জন্য আমরা প্রস্তুত রয়েছি। সরকারকে আমাদের বিভিন্ন কারিগরি বিষয়ে মতামত দিয়েছি। আজ (বুধবার) কোনও সমঝোতা হলে বৃহস্পতিবার পুনঃতফসিল করা যেতে পারে।"
সকালেই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন সিইসিসহ অপর দুই নির্বাচন কমিশনার। পরে কমিশনে ফিরে নিজেদের মধ্যে বৈঠক করেন তারা।
বুধবারই সরকারের পক্ষ থেকে এ বিষয়ে অবস্থান জানানো হবে বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন।
সিইসি মঙ্গলবারও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। এর একদিন আগেই নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে চারটি শর্ত দেয় বিএনপি। বিএনপি তফসিলের পরিবর্তন দাবি করে এলেও আওয়ামী লীগ ১৮ ডিসেম্বরই নির্বাচন দাবি করে আসছে।
গত ২ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর উপজেলা এবং ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাচন হওয়ার কথা ছিল। গত ৯ নভেম্বর ভোট গ্রহণের তারিখ ঠিক রেখে তফসিলে কিছু পরিবর্তন আনা হয়।
২০০৭ সালের শুরুতেই জরুরি অবস্থা জারির পর গঠিত বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে পুনর্গঠিত নির্বাচন কমিশনের অধীনে আগামী সংসদ নির্বাচন হচ্ছে।
২০০৭ সালের ২২ জানুয়ারির বাতিল হওয়া সংসদ নির্বাচনের তফসিল বেশ কয়েকবার পরিবর্তন হয়।
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এর আগে গত আগস্টে চারটি সিটি কর্পোরেশন এবং নয়টি পৌরসভায় নির্বাচন হয়। এই কমিশনই দেশে প্রথম ছবিসহ ভোটার তালিকা তৈরি করে।
বাংলাদেশে প্রথম থেকে অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যথাক্রমে- ১৯৭৩ সালের ৭ মার্চ, ১৯৭৯ সালের ১৮ ফেব্র"য়ারি, ১৯৮৬ সালের ৭ মে, ১৯৮৮ সালের ৩ মার্চ, ১৯৯১ সালের ২৭ ফেব্র"য়ারি, ১৯৯৬ সালের ১৫ ফেব্র"য়ারি, ১৯৯৬ সালের ১২ জুন এবং ২০০১ সালের ১ অক্টোবর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এমআই/জিএনএ/১৮২০ ঘ.
bdnews24