২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের বক্তব্যের অপেক্ষা

সংসদ নির্বাচনের বিষয়ে সরকারের অবস্থান জানার অপেক্ষা এখন। বুধবারই তা জানানোর কথা রয়েছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সাংবাদিকদের জানানো হয়েছে। এর আগে সকালেই নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনা করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2008, 07:15 AM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচনের বিষয়ে সরকারের অবস্থান জানার অপেক্ষা এখন। বুধবারই তা জানানোর কথা রয়েছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সাংবাদিকদের জানানো হয়েছে। এর আগে সকালেই নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনা করেছে সরকার। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা সকাল ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠক শেষে নির্বাচন কমিশনে ফিরে সিইসি সাংবাদিকদের জানান, বিকাল ৩টায় সরকার নির্বাচনের বিষয়ে সর্বশেষ অবস্থা জানাবে। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যোগাযোগ করা হলে এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, বিকাল সাড়ে ৪টায় উপদেষ্টারা নির্বাচনের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরবেন। বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত অবশ্য সরকারের তরফে কোনও বক্তব্য জানানো হয়নি। সিইসির সঙ্গে অপর দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং এম সাখাওয়াত হোসেনও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়ানো হচ্ছে কিনা কিংবা নির্বাচন পেছানো হচ্ছে কিনা জানতে চাইলে সিইসি বলেন, "আমরা আমাদের মতামত তুলে ধরেছি। আমরা আগের অবস্থানেই আছি। এখন সরকার ও রাজনৈতিক দলগুলোর সমঝোতার বিষয় এটি। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে জানানো হবে। যা বলার সরকারই বলবে।" প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আগে সিইসি এবং দুই নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠক করেন। এর আগে মঙ্গলবারও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন সিইসি। এসময় সরকারের কয়েকজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ নির্বাচনী প্রস্তুতি শুরু করলেও বিএনপি নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে সরকারকে চারটি শর্ত দিয়েছে। তফসিল পুনর্র্নিধারণের দাবিও রয়েছে বিএনপির। এসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/জিএনএ/এমআই/১৫৩৭ ঘ.