২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"রাজাকার ও পৃষ্ঠপোষকদের আমন্ত্রণ করে লাখো শহীদকে অসম্মান করা হয়েছে"

যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের আমন্ত্রণ জানানো হয়েছে- এ দাবি করে আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2008, 02:15 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের আমন্ত্রণ জানানো হয়েছে- এ দাবি করে আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম। মঙ্গলবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। ফোরামের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল একে খোন্দকার বলেন, "বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি, সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যুদ্ধাপরাধীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এ কারণে আগামী সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে আমরা যাব না।" "যে সব রাষ্ট্রীয় অনুষ্ঠানে যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের আমন্ত্রণ জানানো হয়েছে, আমরা আগে থেকেই সে সব অনুষ্ঠান বর্জন করে আসছি।" একে খন্দকার একই সঙ্গে ওই অনুষ্ঠানে আমন্ত্রিতদেরও তা বর্জন করার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে ফোরামের প্রধান সমন্বয়ক সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশিদ বলেন, "মুক্তিযুদ্ধে পাকিস্তান বাহিনীর দোসর যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের দ্বারা লক্ষ মানুষ আত্মাহুতি দিয়েছে, লক্ষ মা-বোনের সম্ভ্রমহানি ঘটেছে; সেই ব্যক্তিদের সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর কোনও নৈতিক ভিত্তি থাকতে পারে না। এর প্রতিবাদে আমরা সেক্টরস কমান্ডারস ফোরাম থেকে এবারের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।" তিনি বলেন, "আমরা মনে করি, সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধী ও চিহ্নিত স্বাধীনতাবিরোধী রাজাকার, আল বদর ও তাদের পৃষ্ঠপোষকদের আমন্ত্রণ জানিয়ে মুক্তিযুদ্ধের লাখো শহীদদের অসম্মান করা হয়েছে। আমরা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানাই এবং যথাযথ কর্তৃপক্ষকে অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের অনুরোধ করছি।" এক প্রশ্নের জবাবে একে খোন্দকার বলেন, "আমার মনে হয় না, আওয়ামী লীগও এ অনুষ্ঠানে যাবে। কারণ যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের আমন্ত্রণ জানানোর প্রতিবাদে আগেও তারা রাষ্ট্রীয় অনুষ্ঠান বর্জন করেছে।" একে খন্দকার ইতোমধ্যে আসন্ন সংসদ নির্বাচনে পাবনার একটি আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যদের উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কেএম সফিউল্লাহ, আবু ওসমান চৌধুরী, সাংবাদিক হারুন হাবীব প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/এসকে/২০০৫ঘ.