রাজশাহী, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশন ভোটার তালিকা সরবরাহ করতে না পারায় প্রার্থীরা মনোনয়ন ফরম পূরণ করতে পারছেন না বলে অভিযোগ করেছে রাজশাহী জেলা বিএনপি।
কেন্দ্রীয়ভাবে বিএনপি এখনও নির্বাচনে যাওয়ার ঘোষণা না দিলেও রোববার সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তোলার পাশাপাশি নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি করেছে রাজশাহীর নেতারা।
অবশ্য রাজশাহী জেলা নির্বাচন কার্যালয় অভিযোগ অস্বীকার করেছে।
রাজশাহী বিএনপির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, '২০ নভেম্বর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। অথচ জেলা নির্বাচন কার্যালয় রোববারও ভোটার তালিকা সরবরাহ করতে পারেনি। কর্মকর্তারা বলেছেন, ১৯ নভেম্বরের আগে ভোটার তালিকা সরবরাহ সম্ভব নয়।'
তিন মাসের ভোটার তালিকার কাজ দু'বছরেও নির্ভুলভাবে করতে না পারার 'ব্যর্থতার দায়' নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও দুই কমিশনারের পদত্যাগ করা উচিত বলেও লিখিত বক্তব্যে মন্তব্য করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আহম্মেদ। অন্যদের মধ্যে জেলা সভাপতি আজিজুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুল ইকবাল, বিএনপির কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম, জেলা যুগ্ন সম্পাদক তোফাজ্জাল হোসেন তপু, জেলা শ্রমিক দল সভাপতি লোকমান হোসেন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মুসা সাংবাদিকদের বলেন, "ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না এটা সত্য নয়। অনেকেই তো ভোটার তালিকার সিডি কিনে নিয়েছেন।"
মুসা জানান, জেলা বিএনপি'র সভাপতি আজিজুর রহমান রোববার দুপুরে মোবাইল ফোনে তার কাছে ভোটার তালিকা চান। তখন তিনি নির্বাচন অফিসে আসবেন বলে জানালেও পরে আসেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২১৫ ঘ.
bdnews24