ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরের কয়েকটি আসন ছাড়া জাতীয় সংসদের প্রায় সব আসনের জন্য প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
রোববার রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের বৈঠক শেষে সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রায় ২৯০টি আসনের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। ঢাকার কিছু আসন বাকি আছে। সোমবারের মধ্যে সেগুলো ঠিক করে ফেলা হবে।"
সভাপতিমণ্ডলীর আরেক সদস্য মতিয়া চৌধুরীও বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বৈঠকে উপস্থিত সভাপতিমণ্ডলীর নামপ্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেন, চট্টগ্রাম মহানগরীর কয়েকটি আসনে প্রার্থী এখনো নিশ্চিত হয়নি।
এর আগে গত ৯ নভেম্বর সংসদীয় বোর্ডের প্রথম বৈঠক শেষে আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, তার দল জোটবদ্ধভাবে নির্বাচনে যাবে। কোন দল কোথায়, কটি আসন পাবে তা চূড়ান্ত করা হবে মনোনয়নপত্র দাখিল কিংবা তা প্রত্যাহারের দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এসকে/২২০১ঘ.
bdnews24