ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বিভ্রান্তিমূলক' আখ্যা দিয়ে নির্বাচনী পরিবেশ নিয়ে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের বক্তব্য প্রত্যাখ্যান করেছে চারদল। 'আর সময় নষ্ট না করে' জরুরি অবস্থা প্রত্যাহারসহ সাতদফা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে জোটের পক্ষ থেকে।
শনিবার দুপুরে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "নির্বাচনী পরিবেশ সুষ্ঠুভাবে বিকাশমান হলে জরুরি অবস্থা পুরোপুরি প্রত্যাহারের বিষয়টি সরকারের বিবেচনাধীন।"
চার দলের সাত দফা দাবির ব্যাপারে সরকারের অবস্থানও ব্যাখ্যা করেন উপদেষ্টা।
তার এ বক্তব্য প্রত্যাখ্যান করে রাতে চারদলের নেতাদের বৈঠক শেষে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, "বাণিজ্য উপদেষ্টা জনগণকে বিভ্রান্ত করছেন। আমাদের সাত দফার কোনটি আজও মেনে নেওয়া হয়নি। আমরা নির্বাচনে যেতে চাই। দ্রুত সাত দফা মেনে নিলে তাৎক্ষণিকভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেবে চারদল।"
খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত চারদলের ওই বৈঠক হয়।
জরুরি অবস্থা প্রত্যাহার নিয়ে বাণিজ্য উপদেষ্টার বক্তব্য সম্পর্কে খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের বলেন, "নির্বাচনের মনোনয়ন দাখিলের পর জরুরি অবস্থা পর্যায়ক্রমে প্রত্যাহার করলে তা গ্রহণযোগ্য হবে না। আমাদের অনেক যোগ্য প্রার্থী এখনো কারাগারে। নির্বাচনে অংশগ্রহণ থেকে তাদের বিরত রাখতে জরুরি অবস্থা প্রত্যাহার করা হচ্ছে না।"
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের বিভিন্ন ধারা সংশোধনের বিষয়ে চারদলের সুপারিশও মানা হয়নি- অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
বাণিজ্য উপদেষ্টার সমালোচনা করে দেলোয়ার বলেন, "তিনি কথার মালা দিয়ে জনগণকে ভিন্ন পথে পরিচালিত করছেন। উপজেলা নির্বাচন পেছানোর বিষয়ে আমরা যে দাবি জানিয়েছিলাম, তাও মানা হয়নি।"
সরকার একটি বিশেষ দলের প্রতি 'উদার মনোভাব' প্রদর্শন করছে- অভিযোগ করে তিনি বলেন, "আর আমাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। এটি নিরপেক্ষ সরকারের লক্ষণ নয়।"
সরকারকে হুঁশিয়ার করে দেলোয়ার বলেন, "চারদল নির্বাচন করতে না পারে এমন অবস্থা সৃষ্টি করবেন না। জনগণ তা কোনোভাবে মেনে নেবে না। আমরা একটি নির্বাচিত সরকার ও সংসদ চাই। সেই লক্ষ্যেই নির্বাচনে যেতে চাই।"
চারদলের বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, এ টি এম আজহারুল ইসলাম, সাবেক সাংসদ দেলোয়ার হোসেন সাঈদী, মাওলানা আব্দুস সোবহান, ঢাকা মহানগরের আমীর রফিকুল ইসলাম খান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, মহানগর সভাপতি আবুল কাশেম, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান ও মহাসচিব শামীম আল মামুন উপস্থিতি ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/এসএনডি/জেকে/২১৫০ ঘ.
bdnews24