ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সব দলের অংশগ্রহণের স্বার্থে নির্বাচন ১০ থেকে ১২ দিন পেছালে বিকল্প ধারার আপত্তি থাকবে না বলে জানিয়েছেন দলটির সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
শনিবার বিকালে সেগুনবাগিচার দলীয় কার্যালয়ে দলের নির্বাহী কমিটির এক জরুরি সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বদরুদ্দোজা চৌধুরী বলেন,"সব দলের অংশগ্রহণের জন্য প্রয়োজনে নির্বাচন ১০/১২দিন পেছালে আমরা আপত্তি করব না। কারণ সব দল নির্বাচনে অংশ নিলেই নির্বাচন অর্থবহ হবে।"
তবে ১৮ ডিসেম্বর নির্বাচন হলেও তারা অংশ নেবেন বলে জানান সাবেক রাষ্ট্রপতি এ নেতা।
বিকল্প ধারা সভাপতি জানান, তিন চার দিনের মধ্যে ছয় থেকে সাতটি দল নিয়ে তারা একটি নির্বাচনী ফ্রন্টের ঘোষণা দেবেন।
এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এ ফ্রন্টে থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন,"এরশাদের এ ফ্রন্টে অংশ নেওয়ার কোন সুযোগ নেই। কারণ জলে আর তেলে মেলে না।"
এবার নতুন ভোটার ৩৩ শতাংশ উল্লেখ করে বি চৌধুরী বলেন," এই তরুণ ভোটাররাই নির্ধারণ করবে ভবিষ্যত বাংলাদেশ।"
বিকল্প ধারার সভাপতির অভিযোগ, দুই দলের ব্যর্থতার কারণেই ১/১১ এর সৃষ্টি। আর দুই দলের ব্যর্থতাও প্রায় সমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/১৮৩৮ঘ.
bdnews24